দেশের চার কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপ পর্যায়ের: বাণিজ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমপর্যায়ের (স্ট্যান্ডার্ড)। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফার্নিচার ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশেই যেহেতু ‘ইউরোপের মানুষের মতো’ বিপুলসংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয়মানের আসবাবপত্র তৈরি করতে হবে। দেশের ৪ কোটি মানুষ দাম দিয়ে ভালো জিনিস কিনতে পারেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, তবে মধ্যবিত্তের কথাও স্মরণ রাখতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ফার্নিচার খাত শক্তিশালী খাতে উন্নীত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আসবাবপত্র বিদেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে ১১০-১২০ মিলিয়ন মার্কিন ডলারের ফার্নিচার রপ্তানি হচ্ছে। রপ্তানি আরও বাড়বে। বাংলাদেশের ফার্নিচারের যে গুণাগুণ, ডিজাইন ও আধুনিকতা তা বিশ্বের যে কোনো দেশের নাগরিকের নজর কাড়বে এবং নিতে আগ্রহী হবে। এ শিল্পের উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, টেকসই ফার্নিচার শিল্প গড়ে তুলতে পারলে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। যত শ্রমিক এ শিল্পের সঙ্গে জড়িত তা দ্বিগুণ করা সম্ভব। ফার্নিচার তৈরিতে যেসব কাঁচামাল আমদানি করতে হয়, সেগুলো দেশে উৎপাদনে এগিয়ে আসতে উদ্যোক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।
ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আকতারুজ্জামান প্রমুখ। পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের ১৮৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা।
