পিটার হাস সীমা মেনে চলবেন আশা করি: ওবায়দুল কাদের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাদের
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যা বলেছে, আমরাও তা-ই চাই। আমরা তাদের (ইইউ) সঙ্গে একমত। ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব’-ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বুধবারের এমন মন্তব্যের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তার আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার। কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে তার অবস্থান নেওয়া উচিত নয়। ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ও অপবাদ ছড়ানো হয়েছে। অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। অথচ ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত নই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পর্যবেক্ষক পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। আর আওয়ামী লীগ জোটের আসন নিয়ে শরিকদের হতাশ করবে না বলেও জানান তিনি।
দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। এই নির্বাচন ভোটারবিহীন হবে না। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
