Logo
Logo
×
   

সাহিত্য সাময়িকী

পথভ্রষ্ট কবির সাক্ষাত প্রাপ্তিতে

Icon

হাসান হামিদ

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তোমাকে আমি প্রথম দেখেছিলাম অনেক আগেই

মৃত মাছের চোখের ভিতর; স্তব্ধতার মতো-

শিরে শিকড়ের চিহ্ন ছিল- যেন ব্যথার বায়ু,

কোলাহলের মতো, অভিমানের মতো, আদিম ঘ্রাণ

শুকে চিৎকার করা কুকুরের মতো, একটা সমুদ্র

ক্ষরণের পর ভূমিষ্ঠ হয়েছিলে তুমি।

উত্তরাধিকার সনদপত্রকে অস্বীকার করে,

সর্বনাশের শীষ বাজাতে বাজাতে হামাগুড়ি শিখেছো!

টাইপ মেশিনের আওয়াজ তোমার গলায়,

তারপরও মাথা নিচু করে হাঁটতে চাইতে না,

শুষে নিয়ে বারুদ-বিষ অযথাই অহংকার করতে,

দগ্ধ হতে, খুন হতে, হতে অবিশ্বাসের করুন শিকার।

তোমাকে দেখেছিলাম নিবিড় শাওয়ার তলে,

শয্যাকক্ষে, পাঠাগারে, একাকিত্বে, ভিড়ে,

প্রত্যাখ্যাত প্রেমিকের চোখে-

তোমাকে দেখেছিলাম ঈশ্বরের কুশপুত্তলিকায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম