Logo
Logo
×
   

খবর

আমতলীতে ত্রাণ দেওয়ার কথা বলে ধর্ষণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমতলীতে ত্রাণ দেওয়ার কথা বলে ধর্ষণ

বরগুনার আমতলীতে ত্রাণ দেওয়ার কথা বলে এক গৃহবধূ, ঢাকার যাত্রাবাড়ীতে গৃহবধূ ও বগুড়ার গাবতলীতে পোশাককর্মীকে তুলে নিয়ে এবং নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ছাড়া ঝালকাঠির রাজাপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুগান্তর প্রতিবেদন, প্রতিনিধিদের পাঠানো খবর-

আমতলী (বরগুনা) : ত্রাণ দেওয়ার কথা বলে নারী ইউপি সদস্য হাফসা বেগমের স্বামী মো. আবু কালাম হাওলাদার এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য ও তার স্বামীর ভয়ে ওই নারী ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন। শুক্রবার রাতে কালামের শ্যালক সেলিম তালুকদার ও তার লোকজন ওই নারীর স্বামীকে তুলে নিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন-এমন অভিযোগ করেছেন ওই নারীর স্বামী। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রভাবশালী ইউপি সদস্যের লোকজনের ভয়ে তারা আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না।

ঢাকা : যাত্রাবাড়ীতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় স্থানীয় শাহিনুর আলীসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। ঘটনার পর ধর্ষণে অভিযুক্ত ও তার সহযোগীরা গাঢাকা দিয়েছে। মামলার এহজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি আমি যাত্রাবাড়ী যাচ্ছিলাম। পথে ভাঙ্গাপ্রেস এলাকায় শাহিনুরসহ আসামিরা আমাকে জোর করে একটি অটোরিকশায় তোলে। পরে শাহিনুরের বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

বগুড়া : গাবতলীতে হারুন মোল্লা নামে একজনের বিরুদ্ধে তিন বন্ধুর সহায়তায় এক পোশাককর্মীকে হাত-পা বেঁধে রাস্তা থেকে তুলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার শিলদহবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম শনিবার বিকালে গাবতলী থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ইন্সপেক্টর (অপারেশন) লাল মিয়া জানান, আসামিরা হলো-গাবতলী উপজেলার শিলদহবাড়ি পশ্চিমপাড়ার বাবলু মোল্লার ছেলে হারুন মোল্লা, মজনু প্রামাণিকের ছেলে রায়হান প্রামাণিক, মতি মোল্লার ছেলে সবুজ মোল্লা ও আব্দুল লতিফ মোল্লার ছেলে তৌহিদ মোল্লা।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হীরাপুরে অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে দু’বছর ধরে বারবার দলবদ্ধ ধর্ষণ করেছে কয়েক যুবক। দু’মাস আগে তাকে অপহরণের পর শনিবার বিকালে ঢাকার সাভারের একটি বাসা থেকে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শুক্রবার বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেছে ওই ছাত্রীর মা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন জানান, মামলার ১নং আসামি মো. ফয়সাল ও ৪নং আসামি সাইফুল ইসলাম ইমনকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : ফতুল্লায় ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে তানজিল নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে। গ্রেফতার তানজিল ফতুল্লার শাসনগাঁওয়ের জাহাঙ্গীরের ছেলে।

রাজাপুর (ঝালকাঠি) : রাজাপুরে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মো. সোহাগ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার চৌফালা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম