হিলি দিয়ে ফের যাত্রী পারাপারে দ্রুত ব্যবস্থা: উপ-হাইকমিশনার
Advertisement
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেছেন, দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আবারও পাসপোর্ট যাত্রী পারাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
করোনার কারণে গত বছরের মার্চ থেকে হিলি দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বর্তমানে শুধু ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশিরা এই পথে দেশে আসতে পারছেন।
হিলি দিয়েই সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এ সময় বন্দর, কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রথমে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর হিলি স্থলবন্দর পরিদর্শন করে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে একই পথে তিনি ভারতে চলে যান। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারসহ বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ প্রমুখ।
