বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
২০ ভেন্যুতে ৩১ খেলা
Advertisement
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাত বছর পর আবারও বাংলাদেশ গেমসের আসর বসছে। মুজিববর্ষ হওয়ায় এবারের গেমসের নাম করা হয়েছে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’। এবারের আসরে ২০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩১টি ডিসিপ্লিন। স্কোয়াশ এবার থাকছে না। স্কোয়াশের বদলে এবার রয়েছে রোলার স্কেটিং। ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে গেমস। বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই গেমস লাল-সবুজের ক্রীড়াবিদদের কাছে ‘বাংলাদেশের অলিম্পিক’। এখানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট হন তারা। ১৯৭৮ সালে প্রথম দেশজুড়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ গেমস। আর সর্বশেষ ২০১৩ সালে ২১টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের ৩৫৬ ইভেন্টে গেমস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দু’হাজার ২৬৬ পদকের (স্বর্ণ ৭০৫, রুপা ৭০৫ ও ব্রোঞ্জপদক ৮৫৬টি) জন্য লড়েছিলেন ছয় হাজার ৮৫৫ জন অ্যাথলেট। এর মধ্যে চার হাজার ৯৮০ জন পুরুষ ও এক হাজার ৮৭৫ জন নারী ক্রীড়াবিদ এবং এক হাজার ২০ জন কোচ ও কর্মকর্তা ছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রে জানা গেছে। এবারের আসরের ডিসিপ্লিনগুলো হল- অ্যাথলেটিক্স, আরচারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, হকি, জুডো, রোইং, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্ডো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, দাবা, ক্রিকেট, কাবাডি, কারাতে, উশু, খোখো, শরীর গঠন, রাগবি ও রোলার স্কেটিং।
শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন, ধানমণ্ডি বাস্কেটবল জিমনেশিয়াম কিংবা বিকেএসপিতে হবে বাস্কেটবল, জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে ভারোত্তোলন, জিমন্যাস্টিক্স, ইনডোর রোইং ও তায়কোয়ান্ডো এবং অডিটোরিয়ামে শরীরগঠন ও দাবা হবে। ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, বান্দরবান কিংবা কক্সবাজারে অনুষ্ঠিত হবে সাইক্লিং। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিং, জুডো, কারাতে ও ভলিবল, শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হ্যান্ডবল ও উশু। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে রোলার স্কেটিং ও কুস্তি, আউটার স্টেডিয়ামে কাবাডি ও খোখো, হাতিরঝিলে রোইং (নৌকাবাইচ) খেলা হবে। এছাড়া মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজমাঠে রাগবি, সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার, গুলশান শুটিং কমপ্লেক্স ও বিকেএসপির রেঞ্জে শুটিং, জাতীয় টেনিস কমপ্লেক্সে টেনিস, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কিংবা কমলাপুর স্টেডিয়ামে হবে ফুটবল। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচারি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বক্সিং, সিলেট স্টেডিয়ামে ছেলেদের ক্রিকেট ও কক্সবাজার স্টেডিয়ামে মেয়েদের ক্রিকেট, কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হকি। অষ্টম বাংলাদেশ গেমসের যেসব ডিসিপ্লিনে নারী ইভেন্ট ছিল না, এবার যাচাই-বাছাই করে সেসব ডিসিপ্লিনে নারী ইভেন্ট যুক্ত হতে পারে বলে জানা গেছে।
