Logo
Logo
×
   

Advertisement

দশ দিগন্ত

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যু

Advertisement

ভারতের কংগ্রেস দলীয় বর্ষীয়ান নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মারা গেছেন। শনিবার দিল্লির বেসরকারি হাসপাতাল এসকোর্টসে বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার ৮১ বছর বয়স হয়েছিল। টানা তিন মেয়াদে সবচেয়ে বেশি দিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

এনডিটিভি জানায়, মৃত্যুর আগপর্যন্ত তিনি দিল্লির কংগ্রেস দলীয় প্রধান ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে এ দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার লাশ দিল্লির নিজামুদ্দীন এলাকায় নিজ বাড়িতে নেয়া হয়েছে। আজ সেখানেই শেষকৃত্য হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

দীক্ষিতের মৃত্যু সংবাদে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বলে এক টুইটে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘কংগ্রেসের স্নেহভাজন কন্যা শীলা দীক্ষিতের মৃত্যু সংবাদ শুনে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি।

তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গভীর এ দুঃখের সময় তার পরিবার ও দিল্লির নাগরিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিন মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।’

এক টুইটে কংগ্রেস দল বলেছে, ‘শীলা দীক্ষিতের মৃত্যুতে আমরা শোকাহত। আজীবন কংগ্রেসি এই নারী তিন মেয়াদ ধরে মুখ্যমন্ত্রী থাকাকালে দিল্লির চেহারা বদলে দিয়েছিলেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। দুঃখের এ সময়ে তারা শক্তি পান এ কামনা করছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শীলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটে মোদি বলেন, ‘প্রাণবন্ত ও অমায়িক ব্যক্তিত্ব ছিল তার। দিল্লির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা।’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Advertisement

শীলা দীক্ষিত দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম