Logo
Logo
×
   

দশ দিগন্ত

৩১ আগস্ট নাগরিক তালিকা প্রকাশ

আসামে হাই অ্যালার্ট, ঘরে ঘরে উৎকণ্ঠা

মুসলিমদের রাষ্ট্রহীন করা হতে পারে বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের * নতুন তালিকা থেকে বাদ পড়তে পারে ২০ লাখ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসামে হাই অ্যালার্ট, ঘরে ঘরে উৎকণ্ঠা

ছবি: সংগৃহীত

ভারতের আসামে চূড়ান্ত জাতীয় নাগরিকপুঞ্জি (এনআরসি) তালিকা প্রকাশিত হতে যাচ্ছে আগামীকাল (শনিবার)। এ নিয়ে প্রথম তালিকা থেকে বাদ পড়া প্রায় ৪১ লাখ মানুষ ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এনআরসি তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

যে কোনো ধরনের সহিংস ঘটনা রুখতে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে আসাম কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখছে তারা। সংশোধিত তালিকা থেকে বেশিরভাগ মুসলিম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি।

গত বছরের ৩০ জুলাই প্রকাশিত প্রথম তালিকায় তিন কোটি ২৯ লাখ আবেদনের মধ্য থেকে প্রায় ৪১ লাখ মানুষ বাদ পড়েছিল। বিপুলসংখ্যক নাগরিক বাদ পড়ায় সংশোধিত তালিকা প্রণয়নের ঘোষণা দেয় আসাম কর্তৃপক্ষ। ওই ৪১ লাখের মধ্যে নতুন তালিকা থেকে ২০ লাখ বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনআরসির নিয়মানুসারে তালিকা তৈরি হলে বাদ পড়তে পারে বহু শিশুও, যাদের পিতা-মাতারা ডি ভোটার বা বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। এনডিটিভি জানায়, এনআরসি তালিকা প্রণয়ন সরাসরি সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে রেজিস্ট্রার জেনারেলের দফতর থেকে পরিচালিত হচ্ছে।

এনআরসির নিয়মানুসারে, কোনো ব্যক্তি যদি বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে থাকেন, স্থানীয় নির্বাচনী কর্মকর্তার মাধ্যমে ‘ডি ভোটার’ বলে চিহ্নিত হন অথবা কোনো ব্যক্তি বা তার উত্তরসূরির যদি কোনো মামলা বিদেশি ট্রাইব্যুনালে মুলতবি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এনআরসি আপডেট প্রক্রিয়া থেকে বাদ দেয়া হবে। এ নিয়ে কোনো ধরনের গুঞ্জনে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

টুইটারে তিনি বলেন, ‘এনআরসি নিয়ে গুঞ্জনে বিশ্বাস করবেন না। তালিকা থেকে কেউ বাদ পড়লেই তাকে বিদেশি হিসেবে ঘোষণা দেয়া হবে না।

প্রত্যেকেই বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ, চূড়ান্ত এনআরসি থেকে যাদের নাম বাদ যাবে তারা ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

বিদেশি ট্রাইব্যুনাল একটি আধা বিচারবিভাগীয় ব্যবস্থা। কোনো ব্যক্তি বিদেশি কি না তা নিয়ে মতামত দেয়ার ক্ষমতায় দিয়ে ১৯৪৬ সালে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

এনআরসি তালিকা থেকে রেকর্ডসংখ্যক মুসলিমদের বাদ দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (ইউএসসিআইআরএফ) এক বিবৃতিতে বলা হয়, আসামের নাগরিক তালিকা সেখানকার সংখ্যালঘু মুসলিমদের রাষ্ট্রহীন করার হাতিয়ারে পরিণত হতে পারে। এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করছে ইউএসসিআইআরএফ।

আসাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম