Logo
Logo
×
   

আনন্দ নগর

ফ্লোরেন্স পিউ গাজার পক্ষে এখনো সোচ্চার

সেলিম কামাল

সেলিম কামাল

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্লোরেন্স পিউ গাজার পক্ষে এখনো সোচ্চার

অভিনেত্রী ও গায়িকা ফ্লোরেন্স পিউ এখন হলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের একজন। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি অভিনয় দক্ষতা, চরিত্র নির্বাচনে বৈচিত্র্য এবং মানবিক অবস্থানের কারণে তিনি বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’তে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন পিউ। সমালোচকদের অনেকের মতে, অ্যাকশনধর্মী এ সুপারহিরো সিনেমায় তিনি নিজের উপস্থিতি ও অভিনয় দক্ষতায় সহশিল্পী জেন্ডায়াকেও ছাপিয়ে গেছেন। ফলে সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী ভক্তদের প্রশংসায় ভাসছেন এ ব্রিটিশ অভিনেত্রী।

অভিনয়ের বাইরে মানবিক ইস্যুতেও বরাবরই সরব ফ্লোরেন্স পিউ। ২০২৫ সালের সেপ্টেম্বরে লন্ডনে আয়োজিত ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি গাজায় চলমান সংকট নিয়ে সরব হন। বক্তব্যে তিনি বলেন, ‘এ রকম দুর্ভোগের মুখে নীরবতা নিরপেক্ষতা নয়; এটি একটি অপরাধে সহযোগিতা।’ একইসঙ্গে গাজার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানান এবং ব্রিটিশ সরকারের নীতির বিরোধিতা করে একটি পিটিশনেও স্বাক্ষর করেন। বিষয়গুলো নিয়ে এখনো সরব এ অভিনেত্রী।

এদিকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ফ্লোরেন্স পিউ অভিনয় করেছেন একাধিক আলোচিত ও ব্যবসাসফল সিনেমায়। ২০২৩ সালে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’-এ মনোচিকিৎসকের চরিত্রে তার অভিনয় দর্শক-সমালোচকদের মুগ্ধ করে। প্রায় ১০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ১ বিলিয়ন ডলার।

এরপর ডেনিস ভিলেনিউভ পরিচালিত ‘ডিউন : পার্ট টু’তে সম্রাটের জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইরুলানের চরিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। পরের বছর মুক্তি পাওয়া ‘থান্ডারবোল্টস’-এ প্রধান নারী চরিত্র ইয়েলেনা বেলোভার ভূমিকায়ও দর্শকদের মন জয় করেন।

সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখেছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। এতে ইয়েলেনা বেলোভা চরিত্রে তার অভিনয় এখন সিনেমাপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয়। ফ্লোরেন্স পিউর ব্যস্ততা এখানেই শেষ নয়। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ এবং ‘ডিউন : পার্ট থ্রি’। প্রথমটিতে তিনি অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, পেড্রো প্যাসকেল ও ভেনেসা কিরবির মতো তারকাদের সঙ্গে। আর ‘ডিউন : পার্ট থ্রি’তে তার সহশিল্পী হিসাবে থাকছেন টিমোথি শ্যালামে, জেন্ডায়া, জেসন মোমোয়া ও রেবেকা ফার্গুসন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .