Logo
Logo
×
   

আনন্দ নগর

সমালোচনার ঝড়ের পরও মেলানিয়াকে ঘিরে অ্যামাজনের নতুন বাজি

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমালোচনার ঝড়ের পরও মেলানিয়াকে ঘিরে অ্যামাজনের নতুন বাজি

সমালোচকদের কাছে তীব্রভাবে সমালোচিত হলেও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া ‘মেলানিয়া’ প্রামাণ্যচিত্রের পর এবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নতুন ডকুসিরিজ আনছে অ্যামাজন। মেলানিয়ার একান্ত জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান জানিয়েছেন, চলতি বছরের শরৎ মৌসুমেই সিরিজটি মুক্তি পাবে এবং এতে তার জীবনের একেবারে নতুন দিক তুলে ধরা হবে।

বেকম্যানের তথ্যমতে, নতুন সিরিজটি আগের প্রামাণ্যচিত্রের পুনরাবৃত্তি হবে না। বরং এতে হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসাবে মেলানিয়ার দায়িত্ব পালন, পারিবারিক জীবন, পেশাগত পথচলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হবে। তার দাবি, পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি যেখানে মাত্র ২০ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরেছিল, সেখানে নতুন ডকুসিরিজে দর্শকরা মেলানিয়ার জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীর ধারণা পাবেন।

নতুন সিরিজের ঘোষণা এসেছে ব্রেট র‌্যাটনার পরিচালিত ‘মেলানিয়া’ প্রামাণ্যচিত্র মুক্তির কয়েক মাস পর। আলোচিত ওই সিনেমাটি সমালোচক ও দর্শকদের মূল্যায়নে বিরল বৈপরীত্য সৃষ্টি করে। রিভিউ প্ল্যাটফর্ম রটেন টামেটোস-এ সিনেমাটির সমালোচকদের স্কোর ছিল মাত্র ১০ শতাংশ, অথচ যাচাইকৃত দর্শকদের ৯৯ শতাংশ ইতিবাচক রেটিং দেন। প্রতিষ্ঠানটির দাবি, সমালোচক ও দর্শকদের মতামতের মধ্যে এত বড় ব্যবধান তাদের ইতিহাসে আগে দেখা যায়নি।

বক্স অফিসেও প্রামাণ্যচিত্রটি শক্তিশালী সূচনা করে। মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এটি গত এক দশকের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা নন-ফিকশন ডকুতে পরিণত হয়। তবে এ আয় অ্যামাজন এমজিএম স্টুডিওর বিপুল বিনিয়োগের তুলনায় অনেক কম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রামাণ্যচিত্রটির স্বত্ব কিনতে প্রতিষ্ঠানটি প্রায় ৪০ মিলিয়ন ডলার এবং বিপণনে আরও ৩৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

এদিকে পরিচালক ব্রেট র‌্যাটনারের জন্যও প্রকল্পটি ছিল আলোচিত প্রত্যাবর্তন। #মিটু আন্দোলনের সময় একাধিক নারী তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনলেও তিনি তা অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি।

তবে সমালোচনা, বিতর্ক ও বাণিজ্যিক হিসাব-নিকাশের মধ্যেও মেলানিয়া ট্রাম্পকে ঘিরে অ্যামাজনের নতুন এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে আবারও ব্যাপক আগ্রহ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .