Logo
Logo
×
   

আনন্দ নগর

এবার গেটরের মুখোমুখি এমিলি রাড

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবার গেটরের মুখোমুখি এমিলি রাড

‘ওয়ান পিস’-এর পর এবার গেটরের আতঙ্কে এমিলি রাড। ২০১৯ সালের আলোচিত হরর-থ্রিলার ‘ক্রল’-এর সিক্যুয়েলে অভিনয় করতে যাচ্ছেন এ মার্কিন অভিনেত্রী। প্যারামাউন্টের নতুন সিনেমায় তার সহশিল্পী হিসাবে থাকছেন ‘স্ক্রিম’ ও ‘বুকসমার্ট’খ্যাত ম্যাসন গুডিং। আর সবচেয়ে বড় চমক, মূল সিনেমার পরিচালক আলেক্সান্দ্র আঝাই ফিরছেন পরিচালকের চেয়ারে।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ক্রল’ দর্শকদের নিয়ে গিয়েছিল এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে। ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেনের তাণ্ডবে ফ্লোরিডার একটি বাড়িতে আটকা পড়ে বাবা-মেয়ের জুটি। বাইরে ভয়াবহ ঝড়, ভেতরে ক্ষুধার্ত গেটর, বেঁচে থাকার লড়াইয়ে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর। মাত্র ১ কোটি ৪০ লাখ ডলারের কম বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৯ কোটি ১৫ লাখ ডলার। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি হররপ্রেমীদের কাছেও এটি দারুণ প্রশংসা পেয়েছিল।

সিক্যুয়েলে সেই আতঙ্ক এবার পৌঁছাবে নিউইয়র্কে। একটি শক্তিশালী হারিকেন আঘাত হানার পর শহরের রাস্তাঘাট ও নর্দমায় গেটরের আনাগোনা শুরু হবে। আর সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই বেঁচে থাকার লড়াইয়ে নামবেন এমিলি রাড ও ম্যাসন গুডিং। অর্থাৎ এবার আতঙ্ক শুধু একটি বাড়িতে সীমাবদ্ধ থাকছে না; পুরো শহরই হয়ে উঠবে শিকারক্ষেত্র।

সিনেমাটির চিত্রনাট্যে কাজ করেছেন জেসন হ্যারি প্যাগান, অ্যান্ড্রু ডয়চম্যান, আঝা ও গ্রেগরি লেভাসার। প্রযোজনায় থাকছেন ক্রেইগ ফ্লোরেস, স্যাম রাইমি ও আঝা। চলতি মাসের শেষ দিকে হাঙ্গেরিতে শুরু হওয়ার কথা শুটিং।

এদিকে এমিলি রাডের ক্যারিয়ারে সময়টাও বেশ গুরুত্বপূর্ণ। নেটফ্লিক্সের রেকর্ড-ভাঙা লাইভ-অ্যাকশন ‘ওয়ান পিচ’ সিরিজে নারী প্রধান চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। সামনে তাকে দেখা যাবে টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওসের ‘হোয়েলফল’-এ। অস্টিন অ্যাব্রামস ও জশ ব্রোলিন অভিনীত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা অক্টোবরে। এরমধ্যেই এলো ‘ক্রল’ সিক্যুয়েলের খবর। ঝড়, অন্ধকার আর ক্ষুধার্ত গেটরের মধ্যে এমিলি রাড কতটা ভয়ংকর এক লড়াই উপহার দেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .