অভিনয়ের নেশায় পানি খাওয়াও ভুলে যেতেন জেনা ওর্তেগা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হলিউড অভিনেত্রী জেনা ওর্তেগা।
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের তরুণ প্রজন্মের অন্যতম পরিচিত মুখ জেনা ওর্তেগা। ‘ওয়েনসডে’ সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। ছোটবেলায় অভিনয়ের সুযোগ পাওয়ার আনন্দ ও কাজের প্রতি অতিরিক্ত মনোযোগে কখনো কখনো নিজের প্রয়োজনের কথাই ভুলে যেতেন তিনি। এমনকি শুটিং সেটে দিনের পর দিন পানি না খেয়েও কাটিয়ে দিয়েছেন।
সম্প্রতি এসকোয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনের অভিজ্ঞতা শেয়ার করেন জেনা। প্রথম শুটিং সেটে কাজ করার সময় কোনো ‘রুকি মিস্টেক’ করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলায় নিজের কোনো ভুলের কথা মনে পড়ে না। বরং তখন অভিনয়ের সুযোগ পেয়ে এতটাই কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত ছিলেন যে, পুরো মনোযোগ থাকত কাজের দিকে।
জেনা বলেন, ‘সেখানে থাকতে পেরে আমি এতটাই কৃতজ্ঞ ও আনন্দিত ছিলাম যে, পুরোপুরি কাজে ডুবে যেতাম। এক চুমুক পানিও চাইতাম না।’
অন্যদের কাজে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়েও তিনি ছিলেন অতিরিক্ত সচেতন। তাই খাবার বা পানি চাওয়াকেও মনে হতো অন্যকে বিরক্ত করা। ‘আমি সারা দিন না খেয়ে, না পান করে কাটিয়ে দিতাম। কারণ, আমি কোনোভাবেই কারও কাজে বাধা হতে চাইতাম না’-বলেন তিনি। পরে অবশ্য উপলব্ধি করেছেন, নিজের যত্ন না নেওয়াটাই ছিল সেসময় বড় ভুল।
মাত্র ৭ বছর বয়সেই পেশাদার অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনা। বাবা-মাকে বিষয়টি জানালে তারা প্রথমে হেসেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। জেনা বলেন, ‘আমি ভীষণ জেদি। তাই কখনো থামিনি, এমনকি সিদ্ধান্তটি নিয়েও কখনো প্রশ্ন করিনি।’
শৈশবে অভিনয়ের ক্ষেত্রে ডাকোটা ফ্যানিংকে নিজের অন্যতম অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেন জেনা। তার কাছ থেকেই ছোটবেলায় ‘অভিনয় কী’, তার ধারণা পেয়েছিলেন বলে জানান তিনি। তবে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও একসময় ভেবেছিলেন জেনা। হাইস্কুলে ওঠার আগে মনে হয়েছিল, অভিনয়ের পথচলা বুঝি এখানেই শেষ। পরে ‘ইউ’ সিরিজে কাজের সুযোগ পেয়ে বদলে যায় সেই সিদ্ধান্ত। সেটে গিয়ে কাজটি এতটাই উপভোগ করেন যে, অভিনয় ছাড়ার ভাবনা আর মাথায় আসেনি।
শৈশবের সেই অদম্য মনোযোগই আজকের জেনা ওর্তেগাকে তৈরি করেছে। সামনে তাইকা ওয়াইতিতির ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ সিনেমায় দেখা যাবে তাকে। কাজুও ইশিগুরোর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।
