হলিউডের অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেনিফার লরেন্স
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের সেটে অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা গল্প শোনা যায়। তবে জেনিফার লরেন্সের সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা। অভিনেত্রীর দাবি, কোনো অভিনেতা পুরুষ সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হতে রাজি না হলে অনেক অভিনেতাই অপমানিত বোধ করেন। এরপর শুরু হয় ‘শাস্তি’ দেওয়ার পালা। যদিও নিজের ক্ষেত্রে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি বলেও স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি আইহার্ট রেডিও-এর লাস কালচারিস্টেস উইথ ম্যাট রজারস অ্যান্ড বোয়েন ইয়ং অনুষ্ঠানে ‘ডাই মাই লাভ’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন লরেন্স। প্রসঙ্গ ওঠে ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে-ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অভিনয়শিল্পীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করেন।
লরেন্স জানান, সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও তারা ইন্টিমেসি কো-অর্ডিনেটরের ওপর খুব একটা নির্ভর করেননি। কারণ প্যাটিনসনের সঙ্গে কাজ করার সময় তিনি নিজেকে ‘খুবই নিরাপদ’ মনে করেছেন। অভিনেত্রীর ভাষায়, প্যাটিনসন ‘বিকৃত মানসিকতার নন’ এবং নিজের সঙ্গী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে গভীরভাবে সম্পর্কে আছেন।
এরপরই আসে তার বিস্ফোরক মন্তব্য। লরেন্স বলেন, অনেক পুরুষ অভিনেতা তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে অস্বীকৃতি জানালে অপমানিত বোধ করেন। আর তখনই শুরু হয় ‘শাস্তি’। তবে কারও নাম প্রকাশ করেননি তিনি। কোন সিনেমার সেটে কিংবা কোন সময়ে এমন ঘটনা ঘটেছে, তাও জানাননি। এমনকি ‘শাস্তি’ বলতে কী ধরনের আচরণ বোঝাচ্ছেন, সেটিও স্পষ্ট করেননি।
উপস্থাপকদের বিস্মিত প্রতিক্রিয়ার পর অবশ্য লরেন্স বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘আমি শুধু এসবের কথা শুনেছি, নিজে কখনো এমন অভিজ্ঞতা পাইনি।’ অন্যদিকে সহ-অভিনেতা প্যাটিনসনের প্রশংসায় লরেন্স বলেন, তিনি ‘মিষ্টি, নাটকীয়তাবিহীন এবং খুবই নির্ভার’ মানুষ। শুটিংয়ের বিরতিতে তাদের আলোচনার বিষয়ও ছিল বেশ সাধারণ-সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক।
‘ডাই মাই লাভ’ সিনেমার পরিচালক লিন র্যামজে। সিনেমার একটি বাদ দেওয়া দৃশ্যের জন্য লরেন্স ও প্যাটিনসনকে নাচের প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। সেই প্রশিক্ষণ পরবর্তী সময়ে ঘনিষ্ঠ ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তাদের মধ্যে দলগত বোঝাপড়া তৈরিতে সহায়ক হয়েছিল বলে জানান লরেন্স।
