Logo
Logo
×
   

আনন্দ নগর

এক দৃশ্যের জন্য ৩৪ ক্যামেরা!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক দৃশ্যের জন্য ৩৪ ক্যামেরা!

বলিউডের জনপ্রিয় সিনেমার তালিকায় অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ আজও দর্শকের মনে আলাদা জায়গা দখল করে আছে। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ৭ সেপ্টেম্বর পূর্ণ করেছে ২৫ বছর। মুখ্যমন্ত্রীর চেয়ারে মাত্র ২৪ ঘণ্টার জন্য বসে এক সাধারণ মানুষের অভাবনীয় পরিবর্তনের গল্প যেমন এটিকে স্মরণীয় করেছে, তেমনি একটি অ্যাকশন দৃশ্যও তৈরি করেছে আলাদা কৌতূহল। সে দৃশ্যের শুটিংয়ে ব্যবহার করা হয়েছিল একসঙ্গে ৩৪টি ক্যামেরা!

পরিচালক শংকরের তামিল সিনেমা ‘মুধলভান’-এর হিন্দি রিমেক ‘নায়ক’। সিনেমায় টেলিভিশন ক্যামেরাম্যান শিবাজির চরিত্রে অভিনয় করেন অনিল কাপুর। ঘটনাক্রমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে তিনি সরাসরি সম্প্রচারে তাকে একের পর এক কঠিন প্রশ্ন করেন। বিপাকে পড়া মুখ্যমন্ত্রী শিবাজিকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ দেন। শিবাজি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মাত্র ২৪ ঘণ্টায় রাজ্যের চেহারা বদলে দেওয়ার চেষ্টা করেন।

গল্পের একপর্যায়ে সাবেক মুখ্যমন্ত্রীকে তার অপরাধের জন্য গ্রেফতার করান শিবাজি। প্রতিশোধ নিতে সাবেক মুখ্যমন্ত্রী গুন্ডা পাঠান তার ওপর হামলা চালাতে। তখনই আসে সিনেমার অন্যতম আলোচিত অ্যাকশন দৃশ্য। ২০০১ সালের ২ জুন প্রকাশিত ফিল্ম ইনফরমেশন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, দৃশ্যটির শুটিং হয়েছিল একটি পরিত্যক্ত খোলা গাড়ির শেডে। সেখানে ব্যবহার করা হয়েছিল প্রায় ৫০০টি গাড়ি। কয়েকটি গাড়ি আবার একটির ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছিল। আর পুরো অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছিল ৩৪টি ক্যামেরায়-সে সময়ের জন্য যা ছিল একেবারেই অভিনব আয়োজন।

দৃশ্যে অনিল কাপুরকে দেখা যায়, শরীরজুড়ে কাদামাটি মেখে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, এটি সিনেমার ক্লাইম্যাক্সে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত ইন্টারভেলের পরপরই দৃশ্যটি রাখা হয়। এমনকি সিনেমার প্রথম প্রচারণামূলক ট্রেলারেও দেখানো হয়েছিল এ বিশাল অ্যাকশন দৃশ্যের একটি অংশ। রানি মুখার্জি, অমরিশ পুরি, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা, জনি লিভারসহ তারকাবহুল ‘নায়ক’ শুধু গল্পের জন্য নয়, নির্মাণশৈলীর অভিনবত্বের কারণেও আজও আলোচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম