ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করেছিলেন যেসব তারকা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করেন। কেউ পরিবার ছেড়ে নতুন জীবন শুরু করেন, কেউ পেশা বদলান, আবার কেউ প্রিয় মানুষের সঙ্গে সংসার গড়তে নিজের ধর্মীয় পরিচয়ও পরিবর্তন করেন। বিনোদন জগতের তারকাদের জীবনেও এমন ঘটনা রয়েছে। ভিন্ন ধর্মের মানুষের প্রেম, বিয়ে এবং ধর্মান্তর নিয়ে হলিউড, বলিউড ও ঢালিউডে বহুবার আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এসব ঘটনার সব কটি সমানভাবে প্রমাণিত নয়। কোথাও তারকারা নিজেরাই ধর্মান্তরের কথা জানিয়েছেন, কোথাও আবার বিষয়টি রয়ে গেছে গুঞ্জন ও বিতর্কের মধ্যে।
* হলিউডে ধর্মান্তরিত হয়েছিলেন কারা
হলিউডের বেশ কয়েকজন তারকা তাদের প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে বা বিয়ের পর ধর্মান্তরিত হয়েছেন বলে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
► এলিজাবেথ টেলর : হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলর ১৯৫৯ সালে ইহুদি ধর্ম গ্রহণ করেন। মূলত তার স্বামী এডি ফিশারকে বিয়ে করার আগে তিনি এ ধর্মান্তর সম্পন্ন করেন।
► মেরিলিন মনরো : হলিউডের আইকনিক তারকা মেরিলিন মনরো নাট্যকার আর্থার মিলারকে বিয়ে করার সময় ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন।
► আইলা ফিশার : অভিনেত্রী আইলা ফিশার অভিনেতা সাশা ব্যারন কোহেনকে বিয়ে করার আগে ২০০৭ সালে ইহুদি ধর্মে দীক্ষিত হন।
► টম আর্নল্ড : অভিনেতা টম আর্নল্ড ১৯৯০ সালে কমেডিয়ান রোজান বারকে বিয়ে করার আগে ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন।
► জোই দেশানেল : অভিনেত্রী জোই দেশানেল প্রযোজক জেকব পেচনিককে বিয়ে করার আগে ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
► কেটি হোমস : হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে বিয়ের পর অভিনেত্রী কেটি হোমসের সায়েন্টোলজি গ্রহণ করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
* বলিউডে ধর্মান্তর
বলিউডের অনেক তারকা ভালোবাসার টানে বা বিয়ের উদ্দেশ্যে নিজ ধর্ম পরিবর্তন করে ধর্মান্তরিত হয়েছেন।
► শর্মিলা ঠাকুর : বাঙালি হিন্দু পরিবারে জন্ম নেওয়া শর্মিলা ঠাকুর ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় ‘বেগম আয়েশা সুলতান’।
► অমৃতা সিং : শিখ পরিবারের সনমশান অমৃতা সিং ১৯৯১ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
► ধর্মেন্দ্র ও হেমা মালিনী : বলিউডের আরেক বহুল আলোচিত প্রেমের গল্প ধর্মেন্দ্র ও হেমা মালিনীকে ঘিরে। ১৯৮০ সালে তারা বিয়ে করেন। তবে ধর্মেন্দ্র তখন প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাদের চার সন্তানও ছিল। এ পরিস্থিতিতে হেমাকে বিয়ে করতে ধর্মেন্দ্র ও হেমা ইসলাম গ্রহণ করেছিলেন-এমন খবর বহু বছর ধরে প্রচলিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মেন্দ্র ‘দিলাওয়ার খান’ এবং হেমা ‘আয়েশা’ নাম নিয়েছিলেন। তবে এ বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। ধর্মেন্দ্র নিজেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, নিজের স্বার্থে ধর্ম পরিবর্তন করার মানুষ তিনি নন। হেমা মালিনীও ধর্মান্তর নিয়ে ওঠা অভিযোগের সত্যতা স্বীকার করেননি।
► দীপিকা কাকর ও ইব্রাহিম : টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘ফায়েজা’ রাখেন।
► ভিভিয়ান ডিসেনা : অভিনেতা ভিভিয়ান ডিসেনা ২০১৯ সালে রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরে ২০২২ সালে মিসরের সাংবাদিক নৌরান আলীকে বিয়ে করেন।
► রাখি সাওয়ান্ত : রাখি সাওয়ান্ত প্রেমিক আদিল খান দুররানিকে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম রেখেছিলেন ফাতিমা।
► আয়েশা তাকিয়া : অভিনেত্রী আয়েশা তাকিয়াও বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
অন্যদিকে বলিউডে ধর্মান্তর ছাড়াও ভিন্ন ধর্মের প্রেমিক-প্রেমিকাকে বিয়ে করে বেশ সুখের সংসার করছেন অনেকে। তার মধ্যে উল্লেখযোগ্য শাহরুখ খান ও গৌরি। প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন তাদের। অন্যদিকে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির খান। সর্বশেষ বিয়ে করেন গৌরি স্প্রিটকে। তার তিন স্ত্রীই হিন্দু ধর্মের। তারা কেউ ধর্ম পরিবর্তন করেননি। ১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজ খান এবং মালাইকা আরোরা। খ্রিষ্ট ধর্মাবলম্বী পরিবারের মেয়ে মালাইকার বিয়ে হয় মুসলিম পরিবারে। খ্রিষ্ট ধর্মাবলম্বী জেনেলিয়া ভালোবেসে বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী রীতেশ দেশমুখকে। তারাও ধর্ম পরিবর্তন করেননি। ২০১২ সালে ধর্মান্তর ছাড়াই কারিনা কাপুর বিয়ে করেন সাইফ আলি খানকে। ভিকি কৌশল পঞ্জাবি হিন্দু পরিবারের ছেলে তার সঙ্গে বিয়ে হয়েছে ক্যাটরিনা কাইফের। জন্মসূত্রে মুসলিম ক্যাটরিনা। তারাও কেউ ধর্মান্তরিত হননি। অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও হলিউডের পপতারকা নিক জোনাস। প্রিয়াংকার গোটা পরিবার হিন্দু, তবে জোনাস পরিবার খ্রিষ্টান। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে সোনাক্ষী সিনহা। সোনাক্ষীও ধর্ম পরিবর্তন করেননি। অভিনেত্রী স্বরা ভাস্করও ধর্ম পরিবর্তন ছাড়াই সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে সুখের সংসার করছেন।
* ঢালিউডে অপু বিশ্বাসকে ঘিরে বিতর্ক
বাংলাদেশের বিনোদন জগতে ধর্মান্তর নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের বিয়ে। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের এপ্রিলে অপু একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও তাদের সন্তান আব্রাম খান জয়ের কথা প্রকাশ করেন। তখন তিনি জানিয়েছিলেন, শাকিবকে বিয়ে করার পর ইসলাম গ্রহণ করেছিলেন এবং ‘অপু ইসলাম খান’ নাম নিয়েছিলেন। তবে এ বক্তব্যের পরবর্তী সময়ে পরিবর্তন আসে। ২০২৫ সালের মে মাসে এক সাক্ষাৎকারে অপু জানান, তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি; পরিবারের কথা ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় আগে তাকে ধর্মান্তরের কথা বলতে হয়েছিল। অপুরও আগে আরও একজন প্রেমের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছিলেন। তিনি নায়িকা অঞ্জনা। হিন্দু ধর্মাবলম্বী এ অভিনেত্রী পরিচালক আজিজুর রহমান বুলিকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ের পর তার নাম হয় অঞ্জনা রহমান (জাতীয় পরিচয়পত্রে অঞ্জনা সুলতানা)। পরবর্তী সময়ে ব্যক্তিগত কারণে তাদের সংসার ভেঙে যায় এবং তাদের বিচ্ছেদ ঘটে। অভিনেতা সুব্রত চিত্রনায়িকা দোয়েলকে বিয়ে করলেও ধর্ম পরিবর্তন নিয়ে তারা কখনোই মুখ খোলেননি। যদিও তাদের মেয়ে চিত্রনায়িকা দীঘি ইসলাম ধর্মের অনুসারি।
তবে বলিউডের মতো বাংলাদেশেও ধর্ম পরিবর্তন ছাড়া অনেক তারকা আছে, যারা ভিন্ন ধর্মের হলেও বিয়ে করে দিব্যি সংসার করছেন। আবার কারও কারও সংসার ভেঙেও গেছে। গায়ক বাপ্পা মজুমদার একসময় অভিনেত্রী চাঁদনীকে বিয়ে করলেও তারা কেউ নিজ ধর্ম ত্যাগ করেননি। অবশ্য পরবর্তী সময়ে তাদের বিয়ে ভেঙে যায়। তবে ধর্ম ত্যাগ না করেও দীর্ঘ দাম্পত্য জীবন এখনো বেশ ফুরফুরে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। গায়িকা শাকিলা জাফর ২০১৫ সালে ভারতীয় নাগরিক ও হিন্দু ধর্মের অনুসারী কবি ও প্রকৌশলী রবি শর্মাকে বিয়ে করেন। যদিও তাদের সংসার এখনো টিকে আছে কি না সে তথ্য পাওয়া যায়নি। মুসলিম অভিনেত্রী শাহনাজ খুশি হিন্দু ধর্মের অনুসারী নাট্যকার বৃন্দাবন দাসকে বিয়ে করে এখনো সংসার করছেন। হিন্দু ধর্মের অনুসারী সংগীতশিল্পী অনিমা রায় বিয়ে করেন মুসলিম সাংবাদিক, গীতিকার ও সংগীত পরিচালক তানভীর তারেককে। তারাও ধর্ম পরিবর্তন করেনি।
