চাকরির কথা বলে ডেকে নিয়ে হত্যা
২৮ দিন পর লাশ মিলল টঙ্গীর ড্রেনে
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে প্রবাসী বন্ধু আকাশ সরদারকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে হত্যার অভিযোগ পাওয়া গেছে অপর বন্ধু মাজহারুল ইসলাম মিঠুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৭ জুলাই সন্ধ্যায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। এ ঘটনায় মিঠুকে র্যাব-১-এর সহযোগিতায় গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার মিঠুর তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ সোমবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশ সরদারের গলিত লাশ উদ্ধার করে। হত্যার শিকার আকাশ সরদার ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে এবং ঘাতক মাজহারুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তারা দুজনই কম্বোডিয়া প্রবাসী ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম মিঠু ও আকাশ গত আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে কম্বোডিয়া যান। গত তিন মাস আগে তারা কম্বোডিয়া থেকে দেশে আসেন। দেশে এসে আকাশ সরদার বেকার হয়ে পড়েন। পরে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেকে নিয়ে আসেন মাজহারুল। এরপর তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে ফোন করে আকাশকে আটকে রাখার বিষয়টি জানান সুমন নামে এক লোক। এরপর থেকে আকাশের ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে এজহারনামীয় এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তীতে ফরিদপুর থানার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে উত্তরা র্যাব-১-এর একটি দল রোববার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার সকালে টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদি হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ২১নং টয়লেটের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশ সরদারের গলিত লাশ উদ্ধার করে। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
