কলমাকান্দা ও মধ্যনগরে আ.লীগের ৮১ নেতাকর্মীর নামে মামলা
বিয়ানীবাজারে সাবেক চেয়ারম্যান কারাগারে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনমনে আতঙ্ক সৃষ্টি, হামলা, ভাঙচুর, মিছিলসহ নানা অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের মধ্যনগরে ৮১ জনের নামে মামলা হয়েছে। আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। এছাড়া সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নেত্রকোনার কলমাকান্দায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের পরিকল্পনা, উসকানিমূলক স্লোগান এবং গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ এনে শনিবার কলমাকান্দা থানায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। আসামিদের মধ্যে রয়েছে-কলমাকান্দা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. হযরত আলী, খারনৈ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মামুন, মো. এরশাদুর রহমান ওরফে মিন্টু, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ওরফে চয়ন, মো. গোলাম হোসেন মেম্বার, অঞ্জন সরকার ওরফে বাবন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেলিম এবং কলমাকান্দা সরকারি কলেজ শাখার সহসভাপতি মুন্না হাসান। সুনামগঞ্জের মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোমবার মধ্যনগর থানায় মামলা করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। মামলায় আসামিদের মধ্যে এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলামের নাম রয়েছে। এ মামলায় আসামির তালিকায় সাংবাদিক শওকত হাসান সৈকতের নামও রয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাত ১১টার দিকে ঢাকার ভাটা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
