কমলগঞ্জে স্কুলের মাঠ ও শহীদ মিনার চত্বরে জলাবদ্ধতা
কাদা পানি মাড়িয়ে যেতে হচ্ছে খুদে শিক্ষার্থীদের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ কেজি স্কুলের মাঠ ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই পুরো মাঠ পানিতে তলিয়ে যায়। ফলে স্কুলের মাঠ ও শহীদ মিনার চত্বর এলাকাটি ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়া মাঠে কাদাযুক্ত পানির কারণে স্কুলের খুদে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে কোথাও হাঁটুসমান, কোথাও কাদামিশ্রিত স্থির পানি। সেই পানির মধ্য দিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কেউ জুতা হাতে নিয়ে হেঁটে যায়, কেউ আবার পিছলে পড়ে কাদাযুক্ত পানিতে ভিজে যায়। বিদ্যালয়ের পাঠদান চললেও হারিয়ে যাচ্ছে প্রাণবন্ত শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ ক্লাস শুরুর আগে শরীরচর্চা এবং টিফিনের সময় খেলাধুলা ও মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে না। দেখা যায়, উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত ও উপজেলা পরিষদের পাশেই ‘উপজেলা পরিষদ কেজি স্কুল’ বিদ্যালয়টির অবস্থান। এখানেই রয়েছে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। বিদ্যালয়ের মাঠটি আশপাশের সড়ক ও স্থাপনার তুলনায় কয়েক ফুট নিচু হওয়ায় বৃষ্টির পানি চারদিক থেকে এসে মাঠে জমা হয়। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দিনের পর দিন মাঠে পানি আটকে থাকে। এতে পুরো মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ময়লা ও কাদাযুক্ত দুর্গন্ধযুক্ত পানি যেন ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষকরা জানান, শুধু বর্ষাকাল নয়, অল্প বৃষ্টিতেও একই চিত্র দেখা যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা মাঠে শরীরচর্চা, খেলাধুলা কিংবা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে না। দীর্ঘ সময় শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় তাদের। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
