গাছ ছেঁটে জীবন চলে বৃদ্ধের
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বয়স ৭৫ বছর। শরীর নুয়ে পড়েছে, কপালে বয়সের ছাপ। তবু থেমে নেই জীবনসংগ্রাম। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় নারকেল কেটে পরিষ্কার (গাছ ঝুড়ে) করে সাত সদস্যের সংসার চালাচ্ছেন সিংগাইরের জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া ইমামনগর গ্রামের আব্দুল জলিল মিয়া। মাত্র ২০ বছর বয়সে নারকেল গাছ ঝুড়ার কাজ শুরু করেন জলিল। এরপর কেটে গেছে প্রায় ৫ যুগ। মানিকগঞ্জ ও সিংগাইরের বিভিন্ন গ্রামে ঘুরে গাছের মালিকদের অনুরোধে নারকেল গাছ পরিষ্কার ও পরিচর্যার কাজ করেন তিনি। জানা যায়, জলিল মিয়ার সংসারে স্ত্রী, ছেলে, ছেলের বউ, দুই নাতি ও এক নাতনিসহ সাতজন সদস্য। তার ছেলে গাজীপুরের একটি সুতার কারখানায় কাজ করেন। মাসে ১০ হাজার টাকা বেতন পান। সাত সদস্যের সংসারের ব্যয় মেটাতে এ আয় যথেষ্ট না। তাই সংসারের বাড়তি খরচ মেটাতে বৃদ্ধ বয়সেও ঝুঁকির কাজ করতে হচ্ছে জলিলকে। জলিল মিয়া বলেন, আগে দিনে অনেক গাছে উঠতে পারতাম। এখন বয়স হয়েছে, শরীর আগের মতো চলে না। অভাবের সংসার। তাই এখনো বাধ্য হয়ে মাসের ১০-১৫ দিন জীবনের ঝুঁকি নিয়ে নারকেল গাছ ঝুড়ার কাজ করি। স্থানীয়রা জানান, ৭৫ বছর বয়সেও কারও কাছে হাত না পেতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন জলিল। তবে বয়স ও পারিবারিক আর্থিক সংকট বিবেচনায় সরকারি-বেসরকারি সহায়তা পেলে জীবনের শেষ সময়টা কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন তিনি।
