Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

কটিয়াদীর জালালপুর ইউনিয়ন বিএনপি

টাকা নিয়ে পদ না দেওয়ায় সভাপতির ওপর হামলা

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কটিয়াদীতে ওয়ার্ড বিএনপির কমিটির পদ নিয়ে বিরোধের জেরে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি। বুধবার রাতে উপজেলার রফিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক মিয়াকে প্রায় আট মাস আগে অব্যাহতি দেওয়া হয়। পরে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি রফিক মিয়াকে আবারও সাধারণ সম্পাদক পদে ফেরানো হয়। এরই জেরে আসাদ মিয়া ও তার সমর্থকরা সভাপতির ওপর হামলা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। আসাদ মিয়া জানান, ‘সাধারণ সম্পাদকের পদ দেওয়ার কথা বলে সভাপতি আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন।

পরে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করলেও এখন পদ থেকে বাদ দিয়েছেন। তাই টাকা ফেরত চাইলে তিনি আমাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুসি মারেন।’ শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া জানান, সন্ধ্যার পর রফিকমোড়ে ১০-১২ জন তার গাড়ির গতিরোধ করে হামলা করেছে। ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম