জুড়ীতে যুবককে খুনের পর ব্রিজের নিচে নিক্ষেপ
বড়াইগ্রাম পাথরঘাটা আক্কেলপুর রামগতি চিলমারীতে ৫ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুড়ীতে যুবককে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে। বড়াইগ্রামে কলেজছাত্রী, পাথরঘাটায় বৃদ্ধ ও আক্কেলপুর, রামগতি এবং চিলমারীতে শিশুসহ অজ্ঞাত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : মৌলভীবাজারের জুড়ীতে বৃহস্পতিবার দুপুরে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম বুলুচাঁন (৪০) পূর্ব-জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে জুড়ী নদীর ব্রিজের নিচে ফেলে যায়। ওসি মো. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওসি নয়ন কুমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চর টবগী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ওই লাশের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তি দেয় রামগতি নৌপুলিশ। লাশ মর্গে পাঠানো হয়েছে বলে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুরে কেচের মোড় এলাকায় রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ওসি দুলাল উদ্দিন জানান, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাটোরের বড়াইগ্রামে সিনথিয়া রহমান কাজল (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কাজল উপজেলার কালিকাপুর মহল্লার মৃত মিজানুর রহমানের ছোট মেয়ে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। চীন প্রবাসী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটতে পারে। বরগুনার পাথরঘাটায় নিখোঁজের
একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িসংলগ্ন বিষখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহরাব উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। বুধবার কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার বিষখালী নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
