ভৈরবে শিশু মোজাহিদ হত্যা
বাদীর স্বাক্ষর জাল ও ঘুস নিয়ে চার্জশিট
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভৈরবে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুস নিয়ে এবং বাদীর স্বাক্ষর জাল করে আদালতে শিশু মোজাহিদ হত্যা মামলার চার্জশিট দাখিলের অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন নিহত শিশুর মা তাসলিমা বেগম ও তার পরিবার। গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামবাসীর আয়োজনে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তার পরিবার এ অভিযোগ করেন। এ সময় শিশু মোজাহিদের স্বজনরা জানান, নিহতের মা তাসলিমার সঙ্গে পারিবারিকভাবে গত তিন বছর আগে একই এলাকার মেরাজ মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাসলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে তিনি তার বাবার বাড়ি চলে যান। পরে বাবার বাড়ি থেকে সাত মাসের শিশুসন্তান মোজাহিদকে তার কাছ থেকে স্বামী জোর করে নিয়ে যান। পরে সন্তানকে ফিরে পেতে স্বামীর বাড়িতে তার ভাইকে পাঠালে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মেরাজের পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে সন্তানকে ফিরিয়ে দিতে প্রতিবেশীদের বলে যায়। এর কয়েক দিন পর গত ২৩ এপ্রিল একটি ডোবায় শিশু মোজাহিদের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এ ঘটনায় ওইদিনই তাসলিমা বেগম বাদী হয়ে তার স্বামী মেরাজকে প্রধান অভিযুক্ত করে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। নিহত শিশুর নানা আক্তার মিয়া বলেন, ‘আমার নাতি হত্যার মামলা দায়েরের পর মেয়ের ভাসুর মো. আল ইসলাম মামলা তুলে নিতে হুমকি দেন। হুমকির কয়েক দিন পরই বাদীসহ তার পরিবারকে মেরে ফেলতে গভীর রাতে বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি মামলা নেননি। পরে তারা আদালতে একটি মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আসামিদের গ্রেফতার ও মামলার চার্জশিট বাবদ বাদী তাসলিমার কাছে এক লাখ টাকা দাবি করেন। কিন্তু দাবিকৃত টাকা না দেওয়ায় এসআই মোস্তাফিজুর রহমান আসামিদের গ্রেফতার না করে উলটো তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাদীর স্বাক্ষর নকল করে আসামিদের পক্ষে আদালতে চার্জশিট দাখিল করেছেন।’ তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদীর কাছে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তদন্ত করে যা সঠিক পেয়েছেন সেভাবেই আদালতে চার্জশিট দাখিল করেছেন। বাদীর যদি আপত্তি থাকে তাহলে আদালতে আবেদন করতে পারেন।
