কানের দুল নিয়ে সংঘর্ষ
চরফ্যাশনে লাথি, ঘুসিতে মারা গেল গর্ভের সন্তান
Advertisement
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চরফ্যাশনে চরনলুয়া গ্রামে কানের সোনার দুল নিয়ে তুচ্ছ বিরোধের জেরে এক গর্ভবতী নারীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে আঘাত পেয়ে ওই নারীর গর্ভস্থ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের এ ঘটনায় উভয়পক্ষের আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে চরনলুয়া গ্রামের আলমগীর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, কানের সোনার দুল নিয়ে বাগ্বিতণ্ডা হয় পার্শ্ববর্তী এলাকার আবদুল মাঝি ও আলমগীর বেপারীর সঙ্গে। পরে বিষয়টি নিয়ে আবদুল মাঝির স্ত্রী পান্না ও ছেলে রাকিব, হেলালসহ আরও কয়েকজন একত্রিত হয়ে আলমগীর বেপারীর স্ত্রী মাইনুর বেগম, মেয়ে বকুল ও জান্নাতকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। তাদের চিৎকারে বেপারীর আরেক মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা নাছিমা উদ্ধার করতে এলে রাকিব, তার মা পান্নাসহ হেলাল নাছিমার পেটে ও পিঠে ক্রমাগত লাথি, কিল-ঘুসি দিয়ে গুরুতর আঘাত করেন। আহতদের চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করলে আরএমও ডা. মাকলুকুর রহমানের তত্ত্বাবধানে নাছিমা চিকিৎসা নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর ট্রমার কারণে ওই নারীর পেটের সন্তানটি মারা যায়। বর্তমানে ওই নারীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
