Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

নওগাঁয় হত্যা মামলা

বাদী জানেন না আসামি কে?

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ছোট ভাই রিফাত হোসেন। সেই মামলায় আসামি করা হয়েছে রাসেল রানা নামে স্থানীয় এক সাংবাদিককে। তবে সাংবাদিকের দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। এমনকি মামলার বাদীও বলেছেন, মামলার ওই আসামিকে তিনি চেনেন না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত না থাকা একজন সাংবাদিকের নাম হত্যা মামলায় এলো কীভাবে? ঘটনাটি জানাজানি হলে উপজেলা ও জেলা সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ১০ সেপ্টেম্বর বদলগাছীর বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভুবন মৌজায় ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মাসুদ রানা (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর সকালে মারা যান। তার মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর রাতে মামলা হয়।

মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে টাইমস টুডে নওগাঁ জেলা প্রতিনিধি রাসেল রানাকে। রাসেল রানার দাবি, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্বও প্রায় ১৫ কিলোমিটার। বিভিন্ন সময় বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে হত্যা মামলায় নাম দেওয়া হয়েছে। মামলার বাদী রিফাত হোসেন বলেন, মামলার ১৫ নম্বর আসামিকে আমি চিনি না।

তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন চেয়ারম্যান আল এমরান। তিনি বলেন, কে কাকে আসামি করেছে, তা আমার জানা নেই। মামলার বাদীর সঙ্গে থানায় যাওয়ার বিষয়টিও চেয়ারম্যান অস্বীকার করেন।

ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যা মামলায় সাংবাদিককে কীভাবে আসামি করা হলো জানতে চাইলে ওসি বলেন, মামলাটি তদন্তাধীন। এ বিষয়ে বাদী ভালো বলতে পারবেন। তদন্তে ওই সাংবাদিকের সংশ্লিষ্টতা না পাওয়া গেলে চার্জশিটে তার নাম বাদ দেওয়া হতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম