আ.লীগের মিছিলে অর্থায়ন শিক্ষা প্রকৌশলীর
বরিশালে মানববন্ধন করায় বাধা
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয়। মঙ্গলবার অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় একদল ঠিকাদার মানববন্ধনে বাধা দিয়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচি পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম যাদের দিয়ে ঠিকাদারি কাজ করান এবং কমিশন নেন, তারাই এ হামলা করেছে। হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মানববন্ধনে অংশ নেওয়া জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের লোকজনকে পৃষ্ঠপোষকতা করছেন। সম্প্রতি ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের যে গোপন মিছিল হয়, তাতে অর্থায়ন করেন প্রকৌশলী শহিদুল। তাছাড়া শহিদুল ইসলাম সব ঠিকাদারি কাজে কমিশন নেন। গভীর রাত পর্যন্ত অফিসে বসে কাজের কমিশন ভাগবাঁটোয়ারা করেন তিনি। এ নিয়ে বিক্ষোভ করায় তার অনুসারী যুবদলের সাবেক নির্বাহী সদস্য মোমেন সিকদার, ছাত্রদল নেতা সানমুন, প্রকৌশলীর ড্রাইভার ইব্রাহিম, অফিস সহকারী তন্ময় ছুটে এসে ব্যানার ছিনিয়ে নেন।
