বিএনপি নেতার কাণ্ড
বোদায় রাতের আঁধারে মাদ্রাসার জমি দখল
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দীনের বিরুদ্ধে। এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসাটির শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪০ বছর ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে। একইসঙ্গে মাদ্রাসার কর্তৃপক্ষ নিয়মিতভাবে ওই জমির খাজনাও পরিশোধ করে আসছেন। মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে-১৯৮০ সালে বিএনপি নেতা ময়জউদ্দীনের পিতা মহিরউদ্দীন এই জমি মাদ্রাসার নামে দান করেন। কিন্তু গত সোমবার রাতে মাদ্রাসার জমিতে বালু ও মাটি ফেলতে শুরু করে ময়জউদ্দীন। এতে বন্ধ হয়ে যায় মাদ্রাসার ২০টির মতো দোকান। এ সময় ময়জউদ্দীন ও তার লোকজন মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির তৈরি করা দোকানেও তালা লাগিয়ে দেয়।
এদিকে অভিযোগের বিষয়ে ফুলতলা ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দীন বলেন, দলীয় কোনো প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে মাদ্রাসা কর্তৃপক্ষকে অভিযোগ দিয়ে আসছি যে ওই জমি আমাদের পৈতৃক জমি। মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আমরা জমিটি দখল করে নিয়েছি।
বোদার ইউএনও রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি কিভাবে ঘটেছে তা পরিষ্কার হবে।
