|
ফলো করুন |
|
|---|---|
ববির সমাজবিজ্ঞান ছাত্র সংসদের নেতৃত্বে রাফি-রাব্বি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইফতেসাফ-আর-রাফি এবং সম্পাদক (জিএস) পদে রাব্বি হাসান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সহসম্পাদক (এজিএস) আশরাফুল মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন নির্বাচিত হয়েছেন। বরিশাল ব্যুরো
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণায় যুবকের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার দায়ে রাসেল হাওলাদার নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। রাসেলের বাড়ি ঝালকাঠির নলছিটির প্রতাপ এলাকায়। রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯ নম্বর কক্ষ বুক করেন। যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার ২ গ্রামপুলিশ
টুঙ্গিপাড়ায় অবৈধ চায়নাদুয়ারি জাল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই গ্রামপুলিশ। এ ঘটনায় মোহাম্মদ ইউসুফ শেখ ও শ্যামল কুমার বিশ্বাস নামে দুই গ্রামপুলিশ আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় এর আগেও তারা অবৈধ চায়নাদুয়ারি জাল উদ্ধার করেছেন। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নড়িয়ায় পূর্বশত্রুতায় প্রতিপক্ষের বাড়িতে আগুন
নড়িয়ার পাঁচক গ্রামের স্থানীয় সেতেরা বেগমের বসতবাড়ি ও ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে দেওয়া আগুনে তার বাড়িতে থাকা রান্নাঘর, মুরগির খামার পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি ওই গ্রামে জমিজমা নিয়ে সেতেরা বেগমের সঙ্গে একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রীর রাজিয়া বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শরীয়তপুর প্রতিনিধি
