স্থবিরতার মাঝে চলছে ‘নেতৃত্ব প্রমাণে’ মহড়া
চরফ্যাশনে দুই বছর কমিটিহীন বিএনপি
Advertisement
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌরসভায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। এ অবস্থায় দলীয় নেতৃত্ব প্রতিষ্ঠা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ‘কে বড়, কে ছোট’ প্রতিযোগিতা ও শক্তি প্রদর্শনের মহড়া। অন্যদিকে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ৪ থেকে ৫ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। নিয়মিত ও পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দলটির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভাজন বাড়ছে। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় ওই কমিটির মেয়াদ শেষ হয়। পরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ভোলা জেলা বিএনপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির তৎকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে। তবে এরপর দুই বছর পেরিয়ে গেলেও নতুন পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মূল দলের নিয়মিত নেতৃত্ব ও সাংগঠনিক অভিভাবক না থাকায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ত্যাগী ও দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়নেরও আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেই। এ সুযোগে নেতাদের মধ্যে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা ও শক্তি প্রদর্শন চলছে। বিভিন্ন পক্ষ নিজেদের মূল ধারার দাবি করে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। এতে ত্যাগী ও তরুণ কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, দলীয় কার্যক্রম পরিচালনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে চরফ্যাশন উপজেলা বিএনপির কমিটি প্রয়োজন। আশা করছি, কেন্দ্রীয় নেতারা বিষয়টি গুরুত্ব দেবেন। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল বলেন, উপজেলা ও পৌর কমিটি না থাকায় তৃণমূলের দলীয় কাজে সমস্যা হচ্ছে। কমিটি গঠন হলে দল আরও সক্রিয় হবে।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, দ্রুত উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হোক। এতে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে তারা আশা করছেন।
