Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অনিয়ম দুর্নীতির অভিযোগ

আড়াই বছরে গৌরনদী থানার ৪ ওসি ক্লোজড

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গত আড়াই বছরে গৌরনদী মডেল থানার চার ওসিকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। অনিয়ম-দুর্নীতি ও দায়িত্বে অবহেলাসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ৪ ওসিকে ক্লোজড করে বরিশাল জেলা পুলিশ সুপার ও ডিআইজি কার্যালয়ে এবং বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গৌরনদী মডেল থানা এখন ওসি প্রত্যাহারের আতঙ্কের থানা হিসেবে পরিচিত। গৌরনদী থানা ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ওসি মো. সাজ্জাদ হোসেন : আগৈলঝাড়া থানা থেকে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর গৌরনদী থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্বে অবহেলার অভিযোগে ২০১৫ সালের ১৬ জুলাই দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেনকে বরিশাল পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। দীর্ঘদিন বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত থাকার পর ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বানারীপাড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। বরিশাল রেঞ্জের তৎকালীন ডিআইজি মো. হুমায়ুন কবির জানিয়েছিলন, ওই বছর ঈদুল ফিতর উপলক্ষে মানুষ নিরাপদে ঘরে ফিরবে বলে মহাসড়ক যানজটমুক্ত রাখতে জেলা পুলিশকে আগেভাগেই সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছিল। অথচ ২০১৫ সালের ১৬ জুলাই দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নিলখোলা নামক স্থানে বিআরটিসির একটি বাস দুর্ঘটনায় মহাসড়কের উপরে পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টির ফলে ঈদুল ফিতরে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। দীর্ঘ সময় যানজট নিরসনে গৌরনদী থানা পুলিশ কোনো উদ্যোগই গ্রহণ করেনি। এজন্য দায়িত্বে অবহেলার কারণে গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে পুলিশ লাইন্সে ক্লোজড করেন।

ওসি আলাউদ্দিন মিলন : গৌরনদী থানায় ২০১৫ সালের ১০ আগস্ট যোগদান করেন। ২০১৭ সালের ২৯ মার্চ রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গৌরনদীর কটকস্থল গ্রামের মাদক বিক্রেতা হীরা মাঝিসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় মাদক বিক্রেতাদের সঙ্গে সখ্যের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ ওসি আলাউদ্দিন মিলনকে ক্লোজড করে বরিশাল ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। তখন বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছিলেন। দীর্ঘদিন ডিআইজি অফিসে সংযুক্ত থাকার পর ওসি আলাউদ্দিন মিলনকে ২০১৭ সালের ১৬ অক্টোবর কলাপাড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন।

ওসি ফিরোজ কবির : ২০১৭ সালের ১ এপ্রিল গৌরনদী মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর তিনি মাদকবিরোধী সভা-সমাবেশ করে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। এরপর তিনি মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলের কাজ শুরু করেন। এপ্রিল মাসে তিনি মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করেন। যোগদানের এক মাস পর মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলের অন্তরালে ওসি মো. ফিরোজ কবিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও ব্যাপক চাঁদাবাজির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছিল। তখন উপজেলার ইল্লা গ্রামের নির্যাতিত প্রবাসী মনির সরদারের বাবা মোসলেম সরদার, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার, উপজেলার দিয়াসুর গ্রামের ব্যবসায়ী ছবেদ আলীসহ কয়েকজন ভুক্তভোগী পুলিশ সদর দফতরে ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান এ প্রতিনিধিকে বলেছিলেন, নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতরের নির্দেশে যোগদানের ৪ মাসের মাথায় ৩১ জুলাই ওসি ফিরোজ কবিরকে গৌরনদী থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

ওসি মনিরুল ইসলাম : ২০১৭ সালের ১ আগস্ট আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলামকে গৌরনদী থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাকির গোমস্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফাহিমকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসি মনিরুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছিল। তিন সদস্যের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন দাখিল করার পর ওসি মনিরুলকে ২৬ জানুয়ারি রাতে গৌরনদী থানা থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’

বেড়ায় খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ

বেড়ায় খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ

প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ কালিহাতীতে ঘর ও টিনের বেড়া ভেঙে লাশ দাফন

কালিহাতীতে ঘর ও টিনের বেড়া ভেঙে লাশ দাফন

বাবুগঞ্জে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

বাবুগঞ্জে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম