তারুণ্যের উদ্ভাবন
এবার বিশ্বমঞ্চে স্বর্ণজয়ী মনতরঙ্গ
অনিরুদ্ধ সাজ্জাদ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তির সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার মেলবন্ধন ঘটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের তরুণদের উদ্যোগ ‘মনতরঙ্গ’। উদ্ভাবনী এ সমাধানের স্বীকৃতিস্বরূপ ‘ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড ২০২৬ ন্যাশনাল রাউন্ড’-এর হেলথটেক অন্ট্রাপ্রেনারশিপ চ্যালেঞ্জে স্বর্ণপদক জিতেছে দলটি। জাতীয় পর্যায়ের এ সাফল্যের হাত ধরেই এবার ইতালির রোমে ‘ফিবোনাচি গ্লোবাল ফাইনাল রাউন্ড ২০২৬’-এ লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা।
যেভাবে শুরু মনতরঙ্গের গল্প : কম বয়সে হতাশা বা মানসিক চাপ কতটা ভয়াবহ হতে পারে, তা নিজের জীবন থেকেই উপলব্ধি করেছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদম মুন্সী। শিক্ষার্থীদের মনের সুরক্ষায় কিছু একটা করার ভাবনা তার গত বছর থেকেই ছিল। ভাবনাটি তিনি ভাগাভাগি করেছিলেন অগ্রজ সানজিদা আশেকিনের সঙ্গে। তবে এ বছর বিএএফ শাহীন কলেজের এক বন্ধুর আত্মহত্যার ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয়। প্রবলভাবে তাগিদ অনুভব করেন কিছু একটা করার। তখনই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে উদ্ভাবনী কোনো সমাধান তৈরির কথা মাথায় আসে তার। সমমনাদের নিয়ে গড়ে তোলেন মানসিক স্বাস্থ্যসহায়ক ওয়েবসাইট ‘মনতরঙ্গ’। রিদম নিজেই এ উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
রিদমের এই ভাবনার সঙ্গে একে একে যুক্ত হন বিএএফ শাহীন কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি অব সাইবারজায়া (মালয়েশিয়া), ঢাকা সিটি কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বিজ্ঞান কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে ওঠে মনতরঙ্গ। ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েবসাইটটি। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগ্রহী শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে মনতরঙ্গের প্রতিনিধিত্ব করছেন।
চ্যালেঞ্জ ও এআই চ্যাটবট : পরিকল্পনা অনুযায়ী ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক ডিজাইনের কাজ চললেও মূল চ্যালেঞ্জ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেম তৈরি করা। প্রযুক্তিগত দিকের দায়িত্বে থাকা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী অর্ণব দত্ত জানান, চারজন শিক্ষার্থী দলগতভাবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেছেন। তাদের তৈরি বিশেষায়িত এআই চ্যাটবটের সঙ্গে ২৪ ঘণ্টাই বার্তা আদান-প্রদান করা যায়, এমনকি অডিও আলাপে মন খুলে বলা যায় নিজের কথাও।
লক্ষ্য এবার বিশ্বমঞ্চ : মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার প্রত্যয় নিয়ে কাজ করা মনতরঙ্গের সামনে এখন নতুন গন্তব্য-ইতালির রোম। জাতীয় পর্যায়ের স্বর্ণপদক তাদের এ দীর্ঘদিনের প্রচেষ্টারই স্বীকৃতি। আগামী দিনে গ্লোবাল ফাইনালে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে লড়বে তারা। মনতরঙ্গের এ আন্তর্জাতিক যাত্রা বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
