কুমিল্লা-৯ আসন
বিএনপির কালামের ৮২ কোটি, জামায়াত প্রার্থীর ৩ কোটি টাকার সম্পদ
Advertisement
আবুল খায়ের, কুমিল্লা
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবুল কালামের ৮২ কোটি আর জামায়াত প্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর ৩ কোটি টাকার সম্পদ রয়েছে। ২৯ ডিসেম্বর দুই প্রার্থী দাখিল করা তাদের হলফনামায় সম্পদ বিবরণীতে এ তথ্য জানিয়েছেন।
আবুল কালামের সম্পদ বিবরণীতে দেখা যায়, তার মোট সম্পদ আছে প্রায় ৮২ কোটি টাকার। স্ত্রীর নামে সাড়ে ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে। হলফনামায় কালাম উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছিল। তবে সেটি এখন আর কার্যকর নেই। পেশায় স্বামী-স্ত্রী উভয়ই ব্যবসায়ী দেখানো হয়েছে। কালামের নামে মোট এক হাজার ৬৫৩ শতক কৃষি জমি এবং ১২৯ শতক অকৃষি জমি আছে। যার অর্জনকালীন মূল্য ২৬ কোটি ৮৫ লাখ টাকা। তার বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে চার কোটি ৪২ লাখ টাকার। তবে কতটি বাড়ি তা হলফনামায় উল্লেখ করা হয়নি। তার স্ত্রীর নামে রয়েছে ৮১ দশমিক ৬৮ শতক কৃষি জমি, অকৃষি ৪ দশমিক ৭৫ শতক জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ১৯ লাখ টাকা। স্ত্রীর নামে পাঁচ শতক বাড়ির জায়গা রয়েছে যার মূল্য ৫২ লাখ টাকা। এছাড়া কালামের নামে এক লাখ টাকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে অস্ত্রের ধরন উল্লেখ করা হয়নি।
কালামের হাতে নগদ অর্থ রয়েছে দুই কোটি ৪১ লাখ টাকা। আর স্ত্রীর আছে নগদ ১১ লাখ টাকা। তিনি ২০২৪-২৫ অর্থবছরে ৪৮ কোটি ৭০ লাখ টাকা আয়কর রিটার্নে সম্পদ দেখালেও কর দিয়েছেন মাত্র ১৬ লাখ টাকা।
অন্যদিকে কুমিল্লা-৯ আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা এবং কেন্দ্রীয় যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হুসাইনি। জামায়াতের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মোট সম্পদের পরিমাণ দুই কোটি ৩৬ লাখ টাকা। আর জামায়াতের প্রার্থী সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সম্পদের পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
কুমিল্লা-৭ আসনে বিএনপির রেদোয়ানের ৫৫ কোটি টাকার সম্পদ : কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদের মোট সম্পদের পরিমাণ ৫৫ কোটি ১৯ লাখ টাকা। তার স্ত্রীর রয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকার সম্পদ। রেদোয়ানের নিজের রয়েছে ২৯ ভরি স্বর্ণ এবং স্ত্রীরও রয়েছে সমপরিমাণ। এ আসনে বিএনপির টিকিটে প্রার্থী হয়েছেন এলডিপির সাবেক মহাসচিব। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য জানিয়েছেন এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান। তিনি ও তার স্ত্রী উভয়েই পেশায় ব্যবসায়ী।
ড. রেদোয়ান আহমেদের নামে মোট ১১ দশমিক ৭৩ একর কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য এক কোটি টাকা। তার বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য ৬৮ লাখ টাকা। তবে তিনি কতগুলো বাড়ির মালিক তা হলফনামায় উল্লেখ করা হয়নি। তার স্ত্রীর নামে রয়েছে তিন দশমিক ১০ একর জমি, যার মধ্যে অকৃষি জমি দশমিক ৯৬ একর। এসব জমির মূল্য উল্লেখ করা হয়েছে ৩৪ লাখ টাকা। স্ত্রীর নামে পাঁচ হাজার ৬০০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে সাড়ে ১১ লাখ টাকা। ড. রেদোয়ান আহমেদের নামে তিন লাখ টাকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের তথ্য উল্লেখ করা হলেও সেটি কোন ধরনের তা উল্লেখ করা হয়নি। ৩৯ লাখ টাকার গাড়ি থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। ড. রেদোয়ান আহমেদের হাতে নগদ অর্থ রয়েছে চার কোটি ৬২ লাখ টাকা, স্ত্রীর আছে নগদ আছে ৪৫ লাখ ৫০ হাজার টাকা। ড. রেদোয়ান আহমেদের আয়ের উৎস ব্যবসা। তার মূলধনী আয় চার কোটি ৭৮ লাখ টাকা। তিনি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৪ লাখ টাকা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে দুদকের একটিসহ মোট তিনটি মামলা হয়েছিল। বর্তমানে একটি চলমান রয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন। আর জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন।
