নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিং
সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কি না সন্দেহ: দেবপ্রিয় ভট্টাচার্য
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তৃতা করছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। নতুন শক্তির কথা বলে শেষ বিচারে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কি না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
মিডিয়া ব্রিফিংয়ে আগামী সরকারের জন্য মোট ১২টি নীতি বিবৃতি ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়। নীতি সুপারিশগুলো তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জাতীয় কর্মসূচি উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য আসিফ ইব্রাহিম, রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, সুলতানা কামাল প্রমুখ।
দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উদ্যোগের সমালোচনা করে বলেন, সরকার যেই সংস্কারের কথা বলেছিল, সেই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ, উন্মুক্ততা দরকার, সেটি তারা দেখাতে পারেনি।
একটি জাতীয় উত্থান, জাতীয় জাগরণ, জাতীয় অংশগ্রহণের ভেতরে অংশীজনদের নিয়ে নতুন বন্দোবস্তের চিন্তাকে সামনে উপস্থাপন করা হয়নি।
সংলাপের ক্ষেত্রে সরকার শুধু রাজনীতিবিদদের গুরুত্ব দিয়েছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এর দুটো ফলাফল হলো। যারা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিলেন, তারা পুরোনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন। তারা নির্বাচনি প্রক্রিয়ার ভেতরে ঢুকে গেলেন ও ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়ে গেলেন। বড়জোর তারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুললেন, কিন্তু টাকার খরচ কমানোর ক্ষেত্রে কিন্তু আর পারলেন না।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা পালিয়ে গেলেন, রাজনীতিবিদেরা আত্মগোপন করলেন, আর আমলারা ফিরে এলেন। কারণ, এই পুরোনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো আমলাতন্ত্র। আর আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তী সরকার।
