কার্য-উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটিসহ পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের প্রথম দিনে কার্য-উপদেষ্টা ও সংসদ কমিটির ঘোষণা দেন স্পিকার মেজার (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, যা সংসদ-সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদেও প্রথম অধিবেশনের প্রথম দিনে স্পিকারের সভাপতিত্বে চলা বৈঠকে এ কমিটিগুলো গঠন করা হয়।
এদিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন। পরে এই অধ্যাদেশ পর্যালোচনায় ১৪ সদস্যবিশিষ্ট এক বিশেষ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতভাবে এটি পাশ হয়। কার্য-উপদেষ্টার কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ। এ কমিটির সদস্য হচ্ছেন সংসদনেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, সংসদ-সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জমির। সংসদ কমিটির সভাপতি সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ কমিটির সদস্য রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, চৌধুরী নায়াব ইউসুফ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য ১৪ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি করা হয়। এ কমিটির সভাপতি জয়নাল আবদিন। কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এএম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্যরা হলেন সংসদনেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক, নাহিদ ইসলাম। বিরোধী দল থেকে আরেকজন সদস্য মনোনয়ন করা হবে এ কমিটিতে। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার, যা সংসদ-সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান। সদস্যরা হলেন আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এএম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভুঁইয়া, তাহসিনা রুশদীর লুনা, নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল, আখতার হোসেন। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার, যা সংসদ-সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।
সংসদে ১৩৩ অধ্যাদেশ উত্থাপন : সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। এ তালিকায় আছে বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ। এছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ, সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধনের একাধিক অধ্যাদেশ।
জুলাই গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো-জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬। তালিকায় আরও রয়েছে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্র–মেন্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬, বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬।
