Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

যানজটে ঢাকায় দৈনিক ক্ষতি ১৪০ কোটি টাকা: আইজিপি

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শুধু যানজটের কারণে ঢাকা শহরে প্রতিদিন সরকারের ১৪০ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, বছরে এ লসের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। গাজীপুর ও চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। সেটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান, শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজব্যবস্থার কোনো কিছুই আমরা বাস্তবায়ন করতে পারব না। শনিবার গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত গাজীপুর জেলা পুলিশ লাইনে এক সুধী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে পঙ্গু করে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের পুলিশের মধ্যে অনেকেই মাদকের সঙ্গে জড়িত। আমি রোহিঙ্গা ক্যাম্পে গত এক বছরে অনেকবার ভিজিটে গিয়েছি। সেখানেও দেখেছি আমাদের অনেকে মাদকের সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি পুলিশে যে খারাপ লোকগুলো রয়েছে, যারা আইন মানে না-তারা পুলিশে থাকবে না। আইজিপি শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বলেন, কিছু হলেই তাদের একটি অংশ রাস্তা অবরোধ করে, ফলে যানজট তৈরি হয়। আমাদের দেশের ৯৯ পার্সেন্ট শ্রমিক নিরীহ। তারা মাস শেষে বেতন পেলেই খুশি থাকে। কিন্তু ওয়ান পার্সেন্ট লোক দেশি-বিদেশি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকে-তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, দেশে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, যানজটসহ নানা সমস্যা রয়েছে। এগুলো কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, এসব সমস্যা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। একটি ফ্যাসিস্ট গভর্মেন্ট দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সে কারণেই কিন্তু এ সমস্যাগুলো ঘনীভূত হয়েছিল। আমরা দেখেছি করাপশনকে তারা ইন্সপায়ার করেছে। শুধু গাজীপুর নয়, সারা দেশে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছিল তারা। আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে অন্য দেশের সিলেবাসকে তারা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিল।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের এক মাসও হয়নি। ইতোমধ্যে সমাজের মূল সমস্যাগুলো যেমন মাদক, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমিও আমাদের গাজীপুরে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। পুলিশ কমিশনারকে বলেছি, এসব কাজে যদি আমার দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এজন্য আমিও সহযোগিতা করব। ঈদে ঘরমুখী মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কমিশনারসহ আমরা শর্ট টার্ম প্ল্যান করব। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবহণ নেতাকর্মী-শ্রমিকরা মিলে যদি কাজ করি তাহলে যানজটসহ সব সমস্যা দূর করা যাবে।

সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত গাজীপুর জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, বিএনপি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, আহমেদ আলী রুশদি, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দীন, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান এলিস প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম