সংসদে পানিসম্পদমন্ত্রী
আমাদের মোকাবিলা করতে হচ্ছে তিনটা যুদ্ধ
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইদানিং আমাদের তিনটা যুদ্ধ সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে। ১. মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ২. বিগত সময়ের রাজনৈতিক যুদ্ধ এবং ৩. প্রকৃতির সঙ্গে যুদ্ধ। তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে উপস্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ কত কঠিন, যারা নদীর পারে বসবাস করেন, তারাই সবচেয়ে বেশি বোঝেন। এ সময় অধিবেশনের সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আমিও কমবেশি ভুক্তভোগী-সুমেশ্বরী ও কংশ নদীর কারণে।
এরপর পানিসম্পদমন্ত্রী বলেন, ভারতের বরাক নদী বিভক্ত হয়ে ওই নদীগুলো সৃষ্টি হয়েছে। বরাক ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি এলাকায় উৎপন্ন হয়ে মিজোরাম ও আসামের ওপর দিয়ে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অমরশিদ নামক স্থানে প্রবেশ করেছে। উজানে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ২০২২, ২০২৪ এবং ২০২৫ সর্বশেষ যে ভয়াবহ বন্যা হয়েছে, এটাই প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই। সিলেটে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীভাঙন রোধে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা ব্যারাজ : শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। খাল খনন : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, পানিসম্পদ মন্ত্রণালয় গৃহীত খাল খনন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জুন পর্যন্ত ৩৫৩ কিলোমিটার খাল পুনঃখননের সংস্থান রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন শেষ হয়েছে। এ বিবেচনায় দৃশ্যমান অগ্রগতি ৩৫ শতাংশ। ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীর ড্রেজিং ও ডুবোচর অপসারণ, ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান। ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বলেছেন, বর্তমানে সরকারি চাকরির বিভিন্ন গ্রেডে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে পরিকল্পনা নেওয়া হয়েছে। ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ : সংসদ-সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে মেধা, সততা এবং দক্ষতাই হবে নিয়োগ ও পদোন্নতির মাপকাঠি। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ হচ্ছে। ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ রয়েছে। নিয়োগে পরিবর্তন : হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে আবদুল বারী জানান, বিসিএস পরীক্ষায় মুখস্থ নির্ভরতা কমাতে সিলেবাস পরিবর্তনের কাজ চলছে। ১৬ বছরে অবসর, বরখাস্ত এবং ওএসডি : শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত ১৬ বছরে বিসিএস প্রশাসনে ১২ জনকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে বরখাস্ত এবং ৫৬৪ জনকে ওএসডি করা হয়েছিল। বিচারাধীন মামলা : বিএনপির সংসদ-সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে। হয়রানিমূলক মামলা : মো. মনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
