আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি
ইইউ প্রতিনিধিদলের কাছে বিরোধীদলীয় নেতার ‘উদ্বেগ’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ ভবন কার্যালয়ে মঙ্গলবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবস সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কার না মানা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা, দলীয় সংসদ-সদস্যদের ওপর হামলা, আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠককালে তিনি এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে অভিযোগ তুলে ধরেন। জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধিদলে তার সঙ্গে আরও ছিলেন-ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগাল এনালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।
বৈঠকের শুরুতেই ইভারস আইজবস বিরোধীদলীয় নেতাকে ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের সর্বশেষ জাতীয়
সংসদ নির্বাচন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ রিপোর্ট বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে হস্তান্তর করা হয়। জামায়াত জানায়, সফররত ইইউ মিশন জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও বিরোধীদলীয় নেতার কাছে সর্বশেষ তথ্য জানতে চান। বিরোধীদলীয় নেতা এর প্রতিক্রিয়ায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে এগুলোর বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে জনগণ আস্থা হারিয়ে ফেলতে পারে। বিরোধীদলীয় নেতা তার আলোচনায় দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় নেতাকর্মীদের সহিংসতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ-সদস্য আক্রমণের শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সদস্যগণ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য বেশকিছু সুপারিশমালা সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।
