Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -যুগান্তর

Advertisement

বছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পহেলা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না। শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শফিকুর রহমান বলেন, ‘বিদেশে অনেক কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করেন। সেই টাকা দিয়ে তারা বিদেশে প্রাসাদ না বানিয়ে দেশে পাঠান। তবে এই রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। বিদেশে মিশন, হাইকমিশন, অ্যাম্বাসি বা বড় বড় কর্মকর্তা থাকলেও প্রবাসীদের ভোগান্তি পোহাতে হয়। সংগত বা অসংগত কারণে কেউ চাকরি হারালে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না।’ শ্রমিক দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘শিকাগোর বেদনাদায়ক ঘটনার ১৪০ বছর পার হয়েছে। ১৪০ বছরে তাদের দেওয়া ওয়াদার ১০ ভাগের ১ ভাগও যদি পূরণ করা হতো তাহলে শ্রমিকদের আর কোনো দাবিদাওয়া অবশিষ্ট থাকত না।’

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদীয় রাজনীতিতে সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। শ্রমিকদের অধিকারের বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা যত দিন প্রতিষ্ঠিত না হবে, তত দিন লড়াই অব্যাহত থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম