সংসদে বাণিজ্যমন্ত্রী
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি ঘাটতি ভারতের সঙ্গে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার। ওই সময়ে বাংলাদেশ এক দশমিক ৭৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ভারতে রপ্তানি করে। একই সময়ে দেশটি থেকে নয় দশমিক ৬২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে। বাণিজ্য ঘাটতি দাঁড়ায় সাত দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ-সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে ঘাটতি সাত দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, পাকিস্তানের সঙ্গে ৬৮১ দশমিক ৩, ভুটানের সঙ্গে ২৯ দশমিক ৭৭ এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। তবে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।’
তিনি বলেন, ‘বিগত সরকারের ভুল নীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বাণিজ্য ঘাটতি বাড়ার পেছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামালের উচ্চ আমদানি ব্যয় এবং রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতির কারণে বাণিজ্য ঘটিতি বেড়ে যায়।’
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ-সদস্য জসীম উদ্দীন আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রপ্তানি হয়।’
জসীম উদ্দীন আহমেদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি তিন বছর ধরে প্রায় ১ বিলিয়ন ডলারের ঘরে আটকে আছে। আর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পর প্রত্যাশিত সুবিধা পাওয়া যায়নি। এতে চামড়া প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা কমেছে এবং খাতটির সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।’
. নড়াইল-১ আসনের সংসদ-সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল এবং রপ্তানি আয়ের ৮৪ ভাগ এ খাত থেকে অর্জিত হয়।’ জামালপুর-৩ আসনের সংসদ-সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি দেশে পণ্য রপ্তানি হয়েছে।’ নরসিংদী-৫ আসনের সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বছর প্রায় এক কোটি এক লাখ পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ৬০ লাখ চামড়া সংগ্রহ ও সংরক্ষণের তথ্য সরকারের কাছে রয়েছে।
