Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

নবম পে-স্কেল

বাজেট পাশের আগে বাস্তবায়নের কৌশল নির্ধারণ হচ্ছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশের আগে সরকারি চাকরিজীবীদের জন্য করা নবম পে-স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণ হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়। মূলত নবম পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা ও কৌশল নির্ধারণ করার লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়েছিল। এর আগে ১১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের বিষয়ে ঘোষণা দেওয়ার পর এটি ছিল পুনর্গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক।

জানা গেছে, বৈঠকে জাতীয় বেতন কমিশনের মূল সুপারিশ, সচিব কমিটির নিজস্ব পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে কৌশল নির্ধারণ এবং এ বিষয়ে দাপ্তরিক কাজ এগিয়ে নিতে ২৪ জুন পরবর্তী বৈঠক ডাকা হয়েছে। নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে বাজেটের থোক বরাদ্দ ও অপ্রত্যাশিত খাত থেকে প্রায় ৪৪ হাজার কোটি টাকা ব্যয় করা হতে পারে। উল্লেখ্য, নতুন পে-স্কেলটি ১ জুলাই কার্যকর হবে। তবে প্রজ্ঞাপন জারি, বিধি সংশোধন এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস লাগবে। এজন্য জুলাই থেকেই বকেয়া (অ্যারিয়ার) হিসাব করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এককালীন পাওনা পরিশোধ করা হবে। এ প্রসঙ্গে অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, সচিব কমিটি ঘোষিত পে-স্কেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তবে সরকারের ঘোষণা অনুযায়ী নবম পে-স্কেল ১ জুলাই থেকেই কার্যকর হবে। এ নিয়ে ভুলভ্রান্তি বা ভুল বোঝার কোনো অবকাশ নেই। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হতে আরও কয়েকমাস লাগতে পারে। তবে বকেয়া (অ্যারিয়ার) হিসাব করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাওনা বেতন এককালীন পরিশোধ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম