Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

বিরোধীদলীয় নেতা বিভিন্ন ব্যক্তি ও দলের অভিনন্দন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ ছাড়াও অভিনন্দন জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। চীন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসাবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন : মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দনবার্তা পোস্ট করা হয়। এতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা তাকে দেশের জাতীয় রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমি মহামান্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করি।

চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন : অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার পৃথক বার্তায় দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে। ঢাকাস্থ চীনা দূতাবাস ফেসবুকে এক শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানায়। চীনা দূতাবাস বলেছে, চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের জন্য চীন একটি অংশীদারত্বমূলক ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। যাতে উভয় দেশ ও এর জনগণ অধিকতর সুফল ভোগ করতে পারে। অন্যদিকে, বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসও ফেসবুকে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে।

এবি পার্টির অভিনন্দন : এবি পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নেতৃবৃন্দ একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকেও ধন্যবাদ জানান।

খেলাফত মজলিস : শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। এক যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করেন নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।

আল্লামা মামুনুল হক : আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এক বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমাদের প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

জাতীয় পার্টি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, সংসদীয় রাজনীতি ও দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ও সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ প্রমুখ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম