Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে মরণফাঁদ

তিন উপজেলার ৫ লাখ মানুষের নিত্যভোগান্তি

Advertisement

আবুল খায়ের

আবুল খায়ের

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে মরণফাঁদ

Advertisement

কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৫ লাখের বেশি মানুষ। প্রতিদিন সড়কটিতে বিকল হচ্ছে ছোট-বড় যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়দের অভিযোগ, বারবার তাগাদা দেওয়ার পরও দ্রুত সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সড়ক বিভাগ।

কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনাল থেকে বুড়িচং হয়ে ব্রাহ্মণপাড়া-মিরপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। তিন উপজেলার মানুষের কুমিল্লা নগরীতে আসার একমাত্র সড়ক এটি।

স্থানীয়রা জানান, এক যুগের বেশি সময় ধরে সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। ২০২৪ সালে গোমতীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় সড়কের অধিকাংশ এলাকা ভেঙে বিলীন হয়ে যায়। পরে সড়ক বিভাগ সাময়িক জোড়াতালি দিলেও স্থায়ী সংস্কার হয়নি।

সরেজমিন দেখা গেছে, অধিকাংশ অংশের পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। এতে গর্তের গভীরতা বুঝতে না পেরে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। খানাখন্দ এড়াতে গিয়ে উলটে যাচ্ছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। আহত হচ্ছেন যাত্রীরা। বুড়িচং সদরের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, বেহাল সড়কের কারণে চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাক আসতে চায় না। পণ্য নিয়ে আসার সময় কয়েকটি ট্রাক উলটে গেছে।

ফকিরবাজারের গোলাপ মিয়া বলেন, প্রতিদিন সিএনজি অটোরিকশা উলটে যাত্রীরা আহত হচ্ছেন। সন্ধ্যার পর চলাচল আরও কঠিন হয়ে পড়ে।

কুমিল্লা-৫ আসনের সংসদ-সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, নির্বাচিত হয়েই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। নিয়মিত তাগাদা দিচ্ছি। শিগগিরই কাজ শুরু হবে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বর্ষার কারণে কিছুটা বিলম্ব হলেও দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম