Logo
Logo
×
   

নগর-মহানগর

রাজপথে হুমকি নয় সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সুনির্দিষ্ট পরামর্শ দিন। গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনারই ফসল।

শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকন প্রমুখ।

রিজভী বলেন, আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন-ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন যে, আমরা কীভাবে এই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে ও কীভাবে তা পাব। তিনি বলেন, সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও, দেশের এ সংকটকালে গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।

তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন হবে না। বরং কীভাবে সংকট কাটানো যায়, সেই পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে। রিজভী জানান, বৈশ্বিক যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে বাধা সৃষ্টির ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে, যা সরকারের একক কোনো কারণে ঘটেনি। জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, গান ও নৃত্যের মতো পরিবেশনাগুলো আন্দোলনকারীদের ভেতরে উদ্দীপনা ও সাহসের জোগান দিয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম