Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এই সরকারের অংশ আপনারাও। তাই সরকারের কর্মসূচিতে লক্ষ্য রাখবেন। সরকার জনগণ, মানুষ এবং সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে-আপনারা সেটি জনগণকে বলবেন। কারণ আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় এখন নির্বিঘ্নে কথা বলা ও চলাচল করা যাচ্ছে। অতীতে আফরোজা আব্বাস, সুলতানা আহাম্মেদসহ অনেক নেত্রী কারাগারে গেছেন, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতিত হয়েছেন। বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে তাদের রক্ত-ঘাম রয়েছে। অতএব এই সরকারের অংশ আপনারাও।

নারীদের জন্য শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিজভী বলেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রূপারা খুন হয় না, খাদিজার মতো ঘটনা ঘটে না, তারা নির্যাতনের শিকার হয় না এবং সরকারি দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয়। এখন সেই ধরনের কোনো সংবাদ নেই। এটা সামাজিক উন্নয়ন।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

এদিকে এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, আমাদের কিছু সংকট আছে। গ্যাস সংকট আছে। এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী। যতগুলো জাহাজ আসতে পারত, এখন সেগুলো হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে আসতে পারছে না।

রিজভী বলেন, আমাদের মহেশখালীতে যে রিগ্যাসিফিকেশন করা হতো সেখানেও ত্রুটি হয়েছে। তবে সংকট নিরসনে সরকার কাজ করছে। আর কিছু দিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আজকে একটার পর একটা বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি হচ্ছে। এগুলো স্যাবোটাজ কিনা সে বিষয়ে মানুষের মাঝে প্রশ্ন উঠেছে। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলেই সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়। রংপুরে একটি হিন্দু পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। তবে সরকার দ্রুত গতিতে কাজ করছে। আমরা এমন ঘটনা ২০০১-২০০৬ সালেও দেখেছি।

জাতীয় প্রেস ক্লাবে ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট। জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ ও জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেনের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ১২ দলীয় জোটের মুখপাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরামসহ অন্য নেতারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম