রাজধানীতে ৩ বাসে আগুন, সাত স্থানে ককটেল বিস্ফোরণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কাফরুল, কলেজগেট ও চিটাগাং রোডে শুক্রবার রাতে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মগবাজার, রামপুরা, আগারগাঁও, মহাখালী ও বাবুবাজার ব্রিজের নিচে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যাত্রাবাড়ীতে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত এসব ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১০টা ২০ মিনিটের দিকে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর থানা পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিসংযোগের কারণে পরিবহণের সামনের গ্লাস, জানালার গ্লাস ও ভেতরের সিট সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রায় একই সময়ে কলেজগেট ও চিটাগাং রোড হাইওয়েতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মহাখালী ফ্লাইওভারে ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরও আগে দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মাদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিস্তারিত তথ্য এখনো পাইনি।
মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বনানী থানার কর্তব্যরত এসআই মো. তারেক বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।
মালিবাগের ঘটনায় শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বলেন, রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এছাড়া রাত ৯টার পর মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
