নাসিরনগরে স্কচটেপ প্যাঁচানো যুবকের লাশ
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোপ থেকে হাত ও মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
জানা যায়, রোববার রাত থেকে অটোচালক আরজান নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে তার নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন অজ্ঞাত পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশ উদ্ধারের খবর জানতে পারে। পরে সেখানে গিয়ে আরজানের পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, তার ছেলে প্রতিদিনের মতো রোববার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সবশেষ রাত ৮টার দিকে ছেলের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর রাত ৯টার পর থেকে আরজানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি কীভাবে নাসিরনগরের ওই স্থানে এলো, কারা তাকে সেখানে নিয়ে এসেছে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে-এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পিবিআই ও ডিবি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
