প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছে মন্ত্রণালয়
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলী ক্যাডার হচ্ছে
Advertisement
আমিরুল ইসলাম
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছয় শতাধিক প্রকৌশলীকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ক্যাডারভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত ও অনুমোদন এবং রাষ্ট্রপতির অনুমোদনসহ বেশ কিছু ধাপ পার হতে হবে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এলজিইডির প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার বিষয়ে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে জনপ্রশাসন, আইন, অর্থ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীরা অংশ নেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী যুগান্তরকে বলেন, এলজিইডির প্রকৌশলীরা ক্যাডারভুক্ত হওয়ার আবেদন করেছেন। যে কোনো সরকারি সংস্থা এ ধরনের আবেদন করতে পারে। বিষয়টি উন্মুক্ত। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ক্যাডারভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফা জামান বলেন, তারা ইতিবাচকভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন। কোনো চাকরিজীবীকে ক্যাডারভুক্ত করতে প্রধানমন্ত্রীর পূর্বানুমোদন প্রয়োজন। এ ছাড়া আইনগত বিভিন্ন বিষয় পরিবর্তন করতে হবে। ক্যাডারভুক্তির জন্য রাষ্ট্রপতি ও পিএসসির অনুমোদন এবং সুপারিশও প্রয়োজন। এসব বিষয় নিয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ফাইল পাঠানো হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, ক্যাডারভুক্তির আগে আরও অনেক কাজ বাকি। তার ভাষ্য, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এলজিইডি ভবন উদ্বোধনকালে প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন। সেই সূত্র ধরেই তারা আবেদন করেছেন।
সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, কোনো সংগঠনের কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার আগে তাদের দক্ষতা এবং জনসেবায় অবদান মূল্যায়ন করা জরুরি।
তারা দক্ষ হলে এবং জনস্বার্থে কাজ করলে ক্যাডারভুক্তিতে আপত্তি নেই। তবে পিএসসির সুপারিশ ছাড়া যেসব প্রকৌশলী সিনিয়রিটি নিয়েছেন, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা স্পষ্ট করতে হবে। এ জন্য ক্যাডার রুলস, ক্যাডার কম্পোজিশন রুলস ও নিয়োগবিধি সংশোধনসহ প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নন-ক্যাডার কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ জরুরি। এ কারণে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পিএসসির মতামত ও রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিগত সরকারের সময় ট্রেড, সমবায় ও তথ্য ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়ে কাজ হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট তথ্যমতে, বর্তমানে ট্রেড ক্যাডারে ২০ জন, সমবায় ক্যাডারে ১৯৬ জন এবং তথ্য ক্যাডারের বিভিন্ন শাখায় প্রায় সাড়ে সাতশ কর্মকর্তা কর্মরত রয়েছেন।
