লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন
পুড়ে মারা গেল শিশু
Advertisement
লক্ষ্মীপুর ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আয়েশা আক্তার
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে দেওয়া এই আগুনে জীবন্ত পুড়ে মারা গেছে বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার। এ ছাড়া বেলাল হোসেন এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন। গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সবাই ঘুমিয়ে ছিলেন। এদিকে চট্টগ্রামের রাউজানে শুক্রবার গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করে দুর্বৃত্তরা। বাড়ি তিনটির বাসিন্দারা নানা কৌশলে বেরিয়ে যেতে সক্ষম হন।
জানা যায়, বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে। দগ্ধ তিনজন হলেন বেলাল হোসেন (৫০), তার দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। বীথি ও স্মৃতিকে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে বেলাল হোসেনের ঘরটি পুড়ে গেছে।
পরিবার ও স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে বেলাল ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শিশু আয়েশার মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বীথি ও স্মৃতিকে ঢাকায় পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা : চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে বিমল তালুকদার নামে এক ব্যক্তির ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তারা দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। পরে ঘরের পাশের বাঁশের বেড়া ভেঙে তারা প্রাণে রক্ষা পান। তবে ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পাশের অমল তালুকদারের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। তাদের ঘরের কয়েক শ ফুট দূরে রুবেল দাশ নামে এক ব্যক্তির ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে অগ্নিসংযোগ করা হয়। টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় বাইরে থেকে বন্ধ পেয়ে টিন কেটে বের হন ওই পরিবারের সদস্যরা। এ সময় লিটন দাশ নামে এক ব্যক্তির আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বলেন, তাদের ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পতিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা আতঙ্ক ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে আগুনসন্ত্রাসে মেতে উঠেছে। তারা দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
