হাদির ভাইয়ের প্রশ্ন
খুনিরা ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে কীভাবে সীমান্ত পার হলো
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট ভাই শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগে তিনি ভাই হত্যার বিচার চান।
মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭-৮ দিন হয়ে গেল, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায়-এর চেয়ে লজ্জার কিছু নেই।
তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।
মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ভুলব না। আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭-৮ দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ ওসমান হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন। কীভাবে এটি রক্ষা করতে হয়।
ড. আবু বকর বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।
