Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

ব্যস্ত দিন কাটালেন তারেক রহমান

হাদি ও ছোট ভাইয়ের কবর জিয়ারত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাদি ও ছোট ভাইয়ের কবর জিয়ারত

নেতাদের সঙ্গে নিয়ে শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -যুগান্তর

Advertisement

দেশে ফেরার তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন, বনানী করবস্থানে ছোট ভাইয়ের কবর জিয়ারত এবং ধানমন্ডিতে শ্বশুরের বাসায় সময় কাটিয়েছেন তিনি। এদিন ঢাকার পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবর প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। তিনি হাদির কবরে ফুল দেন এবং ফাতিহা পাঠ করেন। পরে হাদিসহ জুলাইয়ের সব শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান। এরপর বেলা ৩টার দিকে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। সেখান থেকে তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে, যেখানে শায়িত আছেন তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

ধানমন্ডি থেকে রাত পৌনে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যান তারেক রহমান। তার শয্যাপাশে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করে পরে গুলশান এভিনিউর বাসায় ফেরেন।

এর আগে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখান থেকে যান গুলশান অ্যাভিনিউয়ের বাড়িতে। বিকালে ১৭ বছর পর যান ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে। তার আগমনকে ঘিরে ধানমন্ডির মাহবুব ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তিনি ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা করেছেন। আগের ২ দিনের মতো লাল-সবুজ রঙে সাজানো বাস ব্যবহার না করে সাদা রঙের একটি গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অবস্থান দেখা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসি থেকে ওসমান হাদির কবর প্রাঙ্গণ পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগেও পুলিশের ব্যারিকেড ও নজরদারি ছিল।

এর আগে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে টিএসসি এলাকায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।

জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা ও ওসমান হাদির কবর জিয়ারত : ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর মোনাজাত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও নিজের ভোটার হওয়ার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন।

ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত : নির্বাচন কমিশন থেকে তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। রাজধানীর বনানী কবরস্থানে ভাইয়ের কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সুরা ফাতেহা ও দরুদ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি।

শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত : আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে। যেখানে শায়িত আছেন তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। সেখানে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। 

পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা : ঢাকার পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন তারেক রহমান। বনানীর সামরিক কবরস্থানে সেনা কর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে তারেক রহমান গুলশান অ্যাভিনিউর বাড়িতে ফিরে যান।

ধানমন্ডিতে মাহবুব ভবনে : বিকালে বাসভবন থেকে দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে যান তারেক রহমান। ওই বাড়িতে বেশকিছু সময় কাটান। বাড়িতে থাকা কয়েকটি বিড়ালকে আদর করছেন তারেক রহমান-এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়-প্রাণীপ্রেমী তারেক রহমান। 

বিএনপির একটি সূত্র জানিয়েছে, শিগগিরই তারেক রহমানের বগুড়া ও সিলেটে যাওয়ার কথা রয়েছে। তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তার শ্বশুরবাড়িও সিলেটে। আর বগুড়া তার নির্বাচনি এলাকা। ৩ দিনের জন্য তিনি বগুড়ায় যেতে পারেন বলে জানা গেছে। তবে সফরের সুনির্দিষ্ট দিন-তারিখ জানা যায়নি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম