Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

শপথ নিচ্ছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী -পিআইডি

Advertisement

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধান ও সুপ্রিমকোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসাবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরের বয়সসীমা অনুযায়ী, শনিবার তিনি অবসরে যান।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে, অর্থাৎ প্রায় আড়াই বছর পর তিনি অবসরে যাবেন।

প্রয়াত বিচারপতি এএফএম আবদুর রহমান চৌধুরী আর বেগম সিতারা চৌধুরীর সন্তান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম করেন। পরে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজকোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। ২০০৫ সালে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারক হিসাবে শপথ নেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা : সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার বেলা সাড়ে ৩টার দিকে অন্য বিচারপতিদের নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম